যেই ফ্রান্সকে হারিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো ২০১৬ ইউরো চ্যাম্পিয়নশিপ জিতিয়েছিলেন পর্তুগালকে, সেই ফরাসিদের কাছে হেরেই বিদায় নিতে হলো এবারের ইউরো থেকে।
১২০ মিনিটের খেলা গোলশূন্য ড্র থাকার পর টাইব্রেকারে ৫-৩ গোলে জয় পেয়েছে ফ্রান্স। ফলে বিদায় নিতে হয়েছে পর্তুগালকে। আর এই জয়ে সেমিফাইনালে পা রেখেছে ফ্রান্স। এটিই যে ক্যারিয়ারের শেষ ইউরো তা তো আগেই ঘোষণা দিয়ে রেখেছিলেন পর্তুগিজ তারকা।
প্রথম সেমিফাইনালে স্পেনের মুখোমুখি হবে ফ্রান্স।
পর্তুগালকে কোয়ার্টার ফাইনালে তোলার পথে গোলকিপার দিয়েগো কস্তা ঠেকিয়ে দিয়েছিলেন স্লোভেনিয়ার ৩টি শট। কিন্তু, এই যাত্রায় আর পারেননি। ফ্রান্সের খেলোয়াড়রা পাঁচটি শট থেকেই পায় গোলের দেখা। অন্যদিকে, পর্তুগালের জোয়াও ফেলিক্সের নেওয়া চতুর্থ শটটি পোস্টে লেগে ফিরে এলে তাতেই ম্যাচের পার্থক্য তৈরি হয়ে যায়। ৫-৩ ব্যবধানে টাইব্রেকারে হেরে বিদায় নিতে হয় পর্তুগালকে।
এর আগে, ১২০ মিনিটের খেলায় পর্তুগালই রেখেছিল বেশিরভাগ বল দখলে। ফ্রান্সের ৪০ ভাগের বিপরীতে পর্তুগালের দখলে বল ছিল ৬০ ভাগ। শট নেওয়ার দিক দিয়ে অবশ্য এগিয়ে ছিল ফ্রান্সই। তাদের ২০টি শটের জবাবে পর্তুগাল নেয় ১৫টি। লক্ষ্যেও তারা রাখে পর্তুগালের চেয়ে একটি বেশি ৫টি।
পেনাল্টি শুটআউট শেষে ফ্রান্সের জয়ের হাসি হাসলেও এমন পরিসংখ্যান স্পষ্ট করে ১২০ মিনিটের লড়াইয়ে ছাড় দেয়নি কেউ কাউকে। কিন্তু, গোলের দেখা না পাওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে।
সেখানে পর্তুগালকে ৫-৩ ব্যবধানে হারায় ফ্রান্স। অনেকের মতেই আবার এই জয় পর্তুগালের বিপক্ষে ২০১৬ ইউরো ফাইনাল হারার প্রতিশোধও ফ্রান্সের।