বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা সংস্কার আন্দোলনে নেমেছিল দেশের ছাত্রসমাজ। সেই আন্দোলনে দেশের বেশিরভাগ তারকাদেরই পাশে পেয়েছিলেন আন্দোলনকারীরা। আওয়ামী লীগের সংসদ সদস্য হওয়ায় ছাত্রদের পক্ষ কথা বলতে পারেননি মাশরাফি বুন মুর্তজা। তার এই নীরব ভূমিকায় ক্ষিপ্ত ছিলেন সাধারণ ছাত্ররা। তবে এবার সব বিষয় নিয়ে মুখ খুলেছেন তিনি। জানিয়েছেন নিজের মেয়েকে ছাত্রদের আন্দোলনে যুক্ত হতে উৎসাহ দিয়েছিলেন তিনি।
মাশরাফির মেয়ে হুমায়রা একজন স্কুল শিক্ষার্থী। আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে ইন্সটাগ্রামে বেশকিছু স্ট্যাটাসও দিয়েছিলেন বলে এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নিশ্চিত করেছেন মাশরাফি।
সেই সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার মেয়ে হুমায়রা ইনস্টাগ্রাম ব্যবহার করে। আমার সেখানে অ্যাকাউন্ট থাকলেও সেভাবে দেখতাম না, ওকেও ফলো করতাম না। আমাকে আমার এক ছোট ভাই জানাল যে, হুমায়রা ইনস্টাগ্রামে অনেক কিছু দিচ্ছে বা শেয়ার করছে। ১৭ জুলাই থেকেই দিচ্ছে।'
বাইরে থেকে হুমায়রার পোস্টের ব্যাপারে জানতে পারার পরও বাধা দেননি মাশরাফি। বন্ধুদের সঙ্গে আন্দোলনে যোগ দিতে চাইলে সে ব্যাপারেও সম্মতি দেন তিনি, ‘আমি ওকে জিজ্ঞেস করলাম। ও বলল, হ্যাঁ, আমি এসব দিচ্ছি। তোমার কি আপত্তি আছে? আমি বললাম, ‘না, আমার সমস্যা নেই।’ আমি বরং ওকে এটাও বলেছি, তোমার স্কুল থেকে বা বন্ধুরা আন্দোলনে গেলে তুমিও সঙ্গে থেকো।’ আমার পদের জন্য বা চেয়ারের জন্য তাকে বাধা পেতে হবে, এটা কখনও চাইনি।’
এই আন্দোলনের পক্ষে কথা বলতে না পারায় পরিবারের সদস্যদের কাছেও প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে মাশরাফিকে। এ প্রসঙ্গে তিনি বলেন, 'শুধু আমি নই, আমার মনে হয়, এই আন্দোলন নিয়ে যা কিছু লিখতে বা করতে পারেনি, তাদের সবাইকেই এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে নিজের পরিবার, বন্ধু-বান্ধব বা ঘনিষ্ঠজনদের কাছে।’