বিশ্ব দাবা অলিম্পিয়াড চলছে হাঙ্গেরির বুদাপেস্টে। সেখানে আজ ১০ রাউন্ডের উন্মুক্ত বিভাগে ইসরায়েলের মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশের। কিন্তু ফিলিস্তিনে হত্যাকাণ্ডের প্রতিবাদস্বরূপ ইসরায়েলের বিপক্ষে না লড়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব।
ফেসবুকে পোস্ট করে এই ম্যাচ বয়কটের ঘোষণা দেন তিনি। ফেসবুকে এই দাবাড়ু লিখেন, ‘২০২২ সালে চেন্নাই দাবা অলিম্পিয়াডসহ ২০২৪ হাঙ্গেরি দাবা অলিম্পিয়াডে রাশিয়া ও বেলারুশ দল অংশ নিতে পারেনি। তাহলে বর্তমান পরিস্থিতিতে ইসরায়েল কীভাবে অংশ নিতে পারে? আমি বয়কট করলাম।’
১০ রাউন্ডে খেলার জন্য বাংলাদেশের চারজনের নাম জমা দেওয়া হয়েছে। সেখানে তিন নম্বর বোর্ডে এনামুল হোসেন রাজীব ছাড়াও বাকি তিনজন হলেন এক নম্বর বোর্ডে ফাহাদ রহমান, দুইয়ে মনন রেজা, তিনে এনামুল হোসেন রাজীব ও চারে তাহসিন তাজওয়ার। রাজীব না খেললে আসতে পারে শৃঙ্খলাভঙ্গে অভিযোগ।
শেষ দুই রাউন্ড খুবই গুরুত্বপূর্ণ সব দলের জন্য। ১০ম রাউন্ডে এসে না খেললে বাংলাদেশ দল ৯ম রাউন্ডে ৭৫তম অবস্থান থেকে পিছিয়ে ১০০ এর নিচে চলে যেতে পারে।