২০১৪ থেকে ২০২৪ বিশ্বকাপে এক জয়ের জন্য বাংলাদেশের অপেক্ষা ছিল ১০ বছরের। স্কটল্যান্ডকে হারিয়ে সেই অপেক্ষার অবসান হয়েছে। বাংলাদেশের সামনে এখন প্রতিপক্ষ গ্রেট ব্রিটেনের আরেক দল ইংল্যান্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ রাত ৮টায় ইংলিশদের বিপক্ষে মাঠে নামবে টাইগ্রেসরা।
দেশ ছাড়ার আগে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি জানান, প্রথম ম্যাচে জয় পেলে সেমিফাইনাল নিয়ে চিন্তা-ভাবনা করবেন। স্কটিশদের বিপক্ষে সেই কাঙ্ক্ষিত জয় পাওয়া বাংলাদেশের লক্ষ্য ইংলিশদের হারিয়ে সেমিফাইনালের পথে এক ধাপ এগিয়ে যাওয়া। কিন্তু ইংলিশদের হারানোটা সহজ হবে না লাল-সবুজের প্রতিনিধিদের জন্য- সেটা মানেন অধিনায়ক জ্যোতি। ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে সংশোধন করে নিতে চান নিজেদের ভুলত্রুটিগুলো। পাশাপাশি ইংল্যান্ড ম্যাচের আগে আলাদা কোনো পরিকল্পনা করছে না বাংলাদেশ। নিজেদের স্বাভাবিক পরিকল্পনায় এগিয়ে যেতে চান পেসার জাহানারা আলম। এ ছাড়া ইংলিশদের হারাতে জাহানারা চান দলের সবার সমান অবদান। তিনি বলেন, ‘ম্যাচ জিততে হলে এক-দুজনের ওপরে নির্ভর করা যাবে না। সবাইকে সমানভাবে অবদান রাখতে হবে।’
বহু কাঙ্ক্ষিত জয়ের ম্যাচে ব্যাটিংয়ে খুব একটা ভালো করতে পারেনি বাংলাদেশ। বোলিং ইউনিটের কল্যাণে স্কটল্যান্ডের বিপক্ষে পায় ১৬ রানের জয়। ইংল্যান্ডের বিপক্ষে জয় তুলে নিতে ব্যাটিং ইউনিটকে হতে হবে আরও বেশি কার্যকর। স্কটিশদের বিপক্ষে জয়ের ম্যাচে ফিল্ডিং নিয়ে হতাশা ছিল বাংলাদেশ দলে। জয়ের পর অধিনায়ক জ্যোতি জানান, ‘এই ম্যাচের পর আমাদের ফিল্ডিং নিয়ে অনেক কাজ করতে হবে। কারণ আমরা অনেকগুলো সহজ সুযোগ হাতছাড়া করেছি। আমি নিজেও দুটা সুযোগ হাতছাড়া করেছি। আমাকেও কিছু কাজ করতে হবে। আমাদের হাতে সময় আছে এবং এটা নিয়ে কাজ করতে হবে।’
ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে স্কটিশদের বিপক্ষে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে বলে মনে করেন পেসার জাহানারা। গতকাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এই জয় আমাদের দারুণ আত্মবিশ্বাস দেবে। ভালো শুরুটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। আমরা এখন পরের ম্যাচের (ইংল্যান্ড) দিকে তাকিয়ে আছি।’ ইংলিশদের বিপক্ষে নিজেদের সেরা ক্রিকেটার খেলতে মুখিয়ে আছেন স্কটিশদের বিপক্ষে ব্যাট হাতে জ্বলে ওঠা সোবহানা মুস্তারি। তিনি বলেন, ‘শেষ ওয়ানডে বিশ্বকাপে অনেক ভালো করেছিলাম ইংল্যান্ডের সঙ্গে। আমাদের বোলিং ইউনিট ভালো করছে। আশাবাদী ইংল্যান্ডের বিপক্ষে আমাদের সর্বোচ্চটা দেওয়া। তারপর ম্যাচের ফলই বলে দিবে কী হবে।’
তবে ইংল্যান্ড র্যাঙ্কিংয়ের শীর্ষের দিকে থাকায় খানিকটা যদি-কিন্তু আছে সোবহানার কথায়, ‘ইংল্যান্ড বরাবরই ভালো, র্যাঙ্কিংয়ে সব সময় এক-দুই তিনের মধ্যে থাকে। আমাদের খুব বেশি খেলা হয়নি ইংল্যান্ডের বিপক্ষে। তারপরও আমরা আশাবাদী।’ একই সুর ছিল অভিজ্ঞ জাহানারার কণ্ঠে, ‘নির্দিষ্ট দিন যদি আপনার হয়, তাহলে আসলে বলতে পারবেন না ওই দিনে কী হবে। যেকোনো কিছু হতে পারে। আমরা ভালো শুরু পেয়েছে। আমরা দ্বিতীয় ম্যাচেও জয় পাওয়ার অপেক্ষায় আছি। এটা আমাদের জন্য দারুণ মুহূর্ত হবে। আমরা কালকে জয়ের জন্যই খেলব।’
নারী টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের দুই নম্বরে থাকা ইংল্যান্ড বাংলাদেশের জন্য কঠিন প্রতিপক্ষ। সেই চিন্তা মাথায় রেখে আলাদা কোনো পরিকল্পনা করছে না নিগার সুলতানা জ্যোতির দল। অন্য প্রতিপক্ষের মতো স্বাভাবিক পরিকল্পনা সাজানো হয়েছে জানিয়ে জাহানারা বলেন, ‘অবশ্যই কালকে ইংল্যান্ড কঠিন প্রতিপক্ষ হবে। তবে আমরা আমাদের নিজেদের পরিকল্পনা নিয়ে খেলতে নামব। ইংল্যান্ডের জন্য আমাদের বিশেষ কোনো পরিকল্পনা নেই। আমরা আমাদের স্বাভাবিক পরিকল্পনা নিয়েই খেলতে নামব।’
এমনকি ইংল্যান্ডের নির্দিষ্ট কোনো খেলোয়াড়কে আলাদা পরিকল্পনা করা হচ্ছে না বলেও জানান জাহানারা। তার কথায়, ‘আমরা তাদের সবার জন্য পরিকল্পনা করছি। আলাদা করে কারও জন্য পরিকল্পনা করা হচ্ছে না। যদি ম্যাচ জিততে চান, তাহলে নির্দিষ্ট কাউকে নিয়ে পরিকল্পনা করা যাবে না। সবাইকে নিয়েই পরিকল্পনা করতে হবে।’
এই দিকে স্কটল্যান্ড ম্যাচের পর শারজাহর উইকেট নিয়ে হচ্ছে বেশ সমালোচনা। খানিকটা ধীরগতির উইকেটে খেলা হয়েছে বিশ্বকাপের উদ্বোধনী দিনে। নিজেদের মধ্যে স্কিল থাকলে এমন উইকেটে মানিয়ে নেওয়া কঠিন কিছু হবে না বলে জানান জাহানারা আলম। তিনি বলেন, ‘আমার মনে হয়েছে শারজাহর উইকেটে যদি নিজেদের স্কিল দিয়ে খেলা যায়, তাহলে ভালো করা সম্ভব। এখানে দিন না রাতের খেলা এটা কোনো ব্যাপার না, স্কিল থাকলে ভালো খেলা সম্ভব।’ উইকেটের চেয়ে আউটফিল্ড ধীরগতির হওয়ায় খেলায় প্রভাব ফেলে বলে মনে করেন সোবহানা, ‘শারজাহ উইকেট স্লো আছে। অনেক বেশি স্লো সেটা বলব না। বল ভালো ব্যাটে আসে কিন্তু আউটফিল্ড অনেক স্লো। গতকাল (পরশু) কিছু কিছু চার আমাদের মিস হয়েছে। মাঠ অনেক বড়। দুই কর্নারে ৭২ গজ। এই কারণে মাঠটা অনেক বড় এক সাইডে। আমরা মানিয়ে নিচ্ছি।’
ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ এখনো জয়হীন। তিন টি-টোয়েন্টিতে হার সবগুলোতেই। ওয়ানডে খেলেছে একটি। সেখানেও হার। আজ শারজাহতে বাংলাদেশ দলের সামনে তাই অপেক্ষা করছে ইংলিশ পরীক্ষা।