ইংল্যান্ডের সেরা দুই স্ট্রাইকার গ্যারি লিনেকার ও হ্যারি কেইন/ ছবি: সংগৃহীত
ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনকে দেশের ইতিহাসের সর্বকালের সেরা স্ট্রাইকার হিসেবে আখ্যা দিয়েছেন সাবেক ইংলিশ তারকা গ্যারি লিনেকার।
বিশ্বকাপে নিজের গোলসংখ্যার রেকর্ড স্পর্শ করায় কেইনকে নিয়ে এমন মন্তব্য করেন তিনি।
বুধবার (১৭ জুন) ক্রোয়েশিয়ার বিপক্ষে ৪-২ গোলের জয়ে জোড়া গোল করেন কেইন। ম্যাচের শুরুতে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন এই স্ট্রাইকার।
এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে কর্নার থেকে দারুণ এক হেডে গোল করে দলকে সমতায় ফেরান ইংল্যান্ড অধিনায়ক।
বিশ্বকাপের প্রথম ম্যাচে দুই গোলের সুবাদে বিশ্বকাপে লিনেকারের ১০ গোলের রেকর্ডে ভাগ বসান কেইন।
‘দ্য রেস্ট ইজ ফুটবল’ পডকাস্টে লিনেকার বলেন, ‘হ্যারি আমার রেকর্ড স্পর্শ করায় আমি সত্যিই আনন্দিত। তবে নামের বর্ণানুক্রমে আমি এখনও তার চেয়ে এগিয়ে আছি—এটাই আমার সান্ত্বনা!’
হাস্যরসের পর গম্ভীর সুরে তিনি যোগ করেন, ‘বিশ্বকাপে দুই অঙ্কের গোলের ক্লাবে তাকে স্বাগত। এটি অসাধারণ একটি অর্জন। যদিও এই মাইলফলকে পৌঁছাতে আমার চেয়ে একটি বিশ্বকাপ বেশি খেলতে হয়েছে তাকে। কিন্তু সত্যি বলতে, আমি এখন দৃঢ়ভাবে বিশ্বাস করি হ্যারি কেইনই ইংল্যান্ডের ইতিহাসের সেরা স্ট্রাইকার। তার বহুমুখী খেলার সামর্থ্যই তাকে অন্যদের থেকে আলাদা করেছে।’
ইংল্যান্ডের হয়ে ৩০ গোল করা আরেক সাবেক স্ট্রাইকার অ্যালান শিয়ারারও লিনেকারের সঙ্গে একমত। তার মতে, ‘নিজের সময়ে মেসি, এমবাপ্পে ও হালান্ডের মতো বিশ্বমানের ফরোয়ার্ডদের উত্থান দেখেও ধারাবাহিকভাবে গোল করে যাচ্ছে হ্যারি কেইন। লিনেকারের বিশ্বকাপ গোলের রেকর্ড ভাঙা এখন তার জন্য সময়ের অপেক্ষা মাত্র।’
পাপ্পু/আমান