বিজয় দিবসে লিটন দাসদের জয়ের প্রায় এক ঘন্টা পর অনূর্ধ্ব-১৯ দলও জয় এনে দিয়েছে দেশবাসীকে। ডাবল এই জয়ে বিজয়ের উৎসবে যোগ করেছে বাড়তি উপলক্ষ।
সোমবার (১৬ ডিসেম্বর) কুয়ালালামপুরে অনুষ্ঠিত এশিয়া কাপ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে শ্রীলঙ্কাকে ২৮ রানে হারিয়ে মিশন শুরু করেছে সুমাইয়া আক্তারের দল ।
৬ দলের আসরে ‘বি’ গ্রুপে বাংলাদেশের দ্বিতীয় খেলা আজ স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষে। ‘এ’ গ্রুপের দল তিনটি হলো ভারত, পাকিস্তান ও নেপাল। দুই গ্রুপের সেরা চার দল খেলবে সুপার ফোরে। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দল ২২ ডিসেম্বর খেলবে ফাইনাল।
শুরুতে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ দল খুব বেশি রান যোগ করতে পারেনি।
বৃষ্টির কারণে ম্যাচ নেমে এসেছিল ১৭ ওভারে। ইনিংসের দ্বিতীয় বলে দলের খাতায় কোনো রান যোগ হওয়ার আগেই উদ্বোধনী জুটিতে ভাঙ্গন আসলেও পরে সাদিয়া আক্তারের ২৫ বলে ৩ ছক্কা ও ১ চারে ৩১, আফিয়া আসিমার ২৩ বলে ১ ছক্কা ও ২ চারে ২৫, অধিনায়ক সুমাইয়া আক্তারের ২১ বলে ১ ছক্কা ও ৩ চারে ২৪ ও ওপেনার ইভার ১৯ বলে ৩ চারে ১৮ রানের ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেটে ১২২ এ গিয়ে থামে।
শ্রীলঙ্কার রাশমিকা সেওয়ান্দি ২৩ রানে ৪টি, প্রামুদি মেথসারা ১১ রানে ও আসেনি থালাগুনে ২০ রানে নেন ২টি করে উইকেট।
জবাব দিতে নেমে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শ্রীলঙ্কার ব্যাটাররা মোটেই সুবিধা করতে পারেননি। পুরো ১৭ ওভার খেলেও তারা ৮ উইকেটে মাত্র ৯৪ রান করে। সানজানা কাভিন্দি ২১, রাশমিকা সেওয়ান্দি ২০, লিমানসা থিলকরত্নে ১৬ ও সুমুদু নিসানসালা ১৫ রান করেন।
বাংলাদেশের হয়ে সুমাইয়া আক্তার ১২ রানে ৩টি এবং ফারজানা ইয়াসমিন ১২ রানে ২টি ও ম্যাচসেরা নিশিতা আক্তার নিশি ১৬ রানে নেন ২টি করে উইকেট।
পলাশ/নাবিল/