সোনালী অতীত ক্লাব। বাংলাদেশ ফুটবলের সোনালী সময়ের মাঠ কাঁপানো তারকাদের নিয়ে গঠিত এই ক্লাব বা সংগঠন। বুধবার (২৫ ডিসেম্বর) ধানমন্ডির শেখ জামাল মাঠে ঢাকা সোনালী অতীত মাঠে নামে রংপুর সোনালী অতীতের বিপক্ষে।
ম্যাচটিতে জাতীয় দলের সাবেক অধিনায়ক ইমতিয়াজ আহমেদ নকীবের গোলে ১-০ গোলে জয়ী হয় ঢাকা সোনালী অতীত ক্লাব।
অধিনায়ক নকীবের নেতৃত্বে আলফাজ আহমেদ, আরমান মিয়াসহ তারকাখচিত ঢাকা সোনালী অতীত এবং রংপুর সোনালী অতীতের এই ম্যাচটি যারা দেখেছেন, তাদের বারবার একটি কথাই মনে হয়েছে- ‘ফর্ম ইজ ট্যেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট’।
ম্যাচটিকে সাবেক খেলোয়াড়দের মিলন মেলাও বলা যেতে পারে। যেখানে আরও উপস্থিত ছিলেন কিংবদন্তি গোলাম সারোয়ার টিপু, মোসাব্বের হোসেন, খোরশেদ বাবুল, আতাউর রহমান আতা, মাহমুদুর রহমান টিটু, জাকারিয়া পলাশ, সাইদ হাসান কানন, রাকিবুজ্জামান রাকিব, মাসুদ পারভেজ টিটু প্রমুখ।
ধানমন্ডির মাঠটিতে সাবেক তারকাদের এই ম্যাচটির মাধ্যমে খানিক সময়ের জন্য ঢাকার ফুটবলের সোনালী অতীত যেন ফিরে এসেছিল।