চলমান বর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজে জাসপ্রিত বুমরাহ একের পর এক তাণ্ডব চালিয়েই যাচ্ছেন বল হাতে। কোনো ব্যাটারই যেন সুবিধা করতে পারছেন না তার সামনে।
কোনো ব্যাটার তাকে ব্যাট হাতে থামাতে পারছেন না। তবে থামিয়েছে তাকে চোট। একমাত্র চোটই তাকে কাবু করতে পারে বর্তমান সময়ে। শেষ পর্যন্ত চোটের কারণেই মাঠ ছেড়েছেন ভারতের এই ফাস্ট বোলার। তবে কিসের চোটে পড়েছে তা এখনও জানা যায়নি। সেটি জানতেই তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।
চলমান সিডনি টেস্টে মধ্যাহ্ন বিরতির পর বুমরাহ করেছেন কেবল ১ ওভার। চোটের কারণে পরে মাঠ ছেড়েছেন বিরাট কোহলির সঙ্গে কথা বলে। এই টেস্টে রোহিত শর্মা নিজেকে সরিয়ে নেওয়ায় নেতৃত্ব দিচ্ছিলেন বুমরাহ। সেই দায়িত্ব মাঠ ছাড়ার আগে কোহলিকে বুঝিয়ে দিলেন।
যেকোনো দলের ব্যাটারদের জন্য এক আতঙ্কের নাম বুমরাহ। তিনি মাঠ ছাড়ার পর তাই মার্কা ওয়াহ বলেছিলেন, ‘অস্ট্রেলিয়া বোধ হয় এখন সবচেয়ে সহজে ব্যাটিং করতে পারবে।’ তবে ওয়াহর কথা সত্যি হয়নি।
সিডনিতে ম্যাচের ৩১তম ওভারে সবশেষ বোলিং করেছিলেন বুমরাহ। তখন অজিরা উইকেট হারিয়েছিল ৫টি। ভারতের এই তারকা ফাস্ট বোলার আর বোলিংয়ে না এলেও ইনিংসের পরের ২০ ওভারের মধ্যে অস্ট্রেলিয়ার বাকি উইকেট তুলে নিয়েছেন অন্য বোলাররা।
যেখানে জোড়া উইকেট নিয়েছেন প্রসিধ কৃষ্ণা ও নিতিশ কুমার রেড্ডি। একটি মোহাম্মদ সিরাজ। চোটে পড়ে মাঠ ছাড়ার আগে অবশ্য অজিদের প্রথম ৫ উইকেটের ৪টিই তুলে নিয়েছিলেন বুমরাহ। সব মিলিয়ে বোর্ডার–গাভাস্কার ট্রফিতে বুমরার উইকেটসংখ্যা দাঁড়িয়েছে ৩২।