দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পা রেখেছে নিউজিল্যান্ড। সে ম্যাচে কাঁধের ইনজুরিতে পড়েন কিউই পেসার ম্যাট হেনরি।
আগামীকাল দুবাইয়ে ফাইনালে ভারতের মুখোমুখি হবে কিউইরা। তবে চোটের কারণে সেই ফাইনালে অনিশ্চিত হয়ে পড়েছেন এই পেসার।
চলমান আসরে এখন পর্যন্ত সর্বাধিক উইকেট শিকার করেছেন নিউজিল্যান্ডের পেসার। ১০ উইকেট শিকার করে রেখেছেন দলকে ফাইনালে তুলতে দারুণ ভূমিকা।
তবে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেনরিখ ক্লাসেনের ক্যাচ নিতে গিয়ে কাঁধে ব্যথা পান তিনি।
কিউই অধিনায়ক মিশেল স্যান্টনার জানিয়েছেন, ফাইনালে হেনরিকে পাওয়ার আশা করছেন তিনি। তবে কোচ গ্যারি স্টিড জানিয়েছেন, হেনরিকে নিয়ে কিছুটা অনিশ্চয়তা থেকেই গেছে।
কোচ বলেন, ‘সে এখনো কিছুটা অনিশ্চয়তার পর্যায়ে রয়েছে। তবে ইতিবাচক দিক হলো, সে বোলিং অনুশীলনে ফিরেছে। তাকে আমরা খেলার জন্য সম্ভাব্য সব সুযোগ দিতে চাই।’
যদি শেষ পর্যন্ত হেনরি ফাইনালে মাঠে নামতে না পারেন সেক্ষেত্রে তার জায়গায় ফাইনালে মাঠে নামতে পারেন আরেক পেসার জ্যাকব ডাফি।
পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে হওয়া ত্রিদেশীয় সিরিজে দারুণ পারফরম্যান্স করা ডাফি চলমান টুর্নামেন্টে এখন পর্যন্ত কোন ম্যাচ খেলেনি।