চ্যাম্পিয়ন্স লিগে রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। রানার্সআপ তিনবারের। টুর্নামেন্টের অন্যতম সফল দলটির সামনে আর্সেনাল, যারা ইউরোপ সেরা আসরে মাত্র একবারই ফাইনাল খেলেছে এবং ২০০৬ সালে ফিরেছিল রানার্সআপ ট্রফি নিয়ে। সেই স্বপ্নযাত্রায় রিয়ালকে হারিয়েছিল গানাররা। দীর্ঘ সময় পর ফের স্প্যানিশ জায়ান্টদের প্রতিপক্ষ হিসেবে পেয়ে রোমাঞ্চিত প্রিমিয়ার লিগ ক্লাবটি। কোচ মিকেল আর্তেতা এবং অধিনায়ক বুকায়ো সাকার দৃঢ়বিশ্বাস- রিয়ালকে হারাতে প্রস্তুত তারা।
ইউরোপিয়ান টুর্নামেন্টে তৃতীয়বার মুখোমুখি হবে আর্সেনাল এবং রিয়াল মাদ্রিদ। সর্বশেষ ২০০৫-০৬ মৌসুমে দেখা হয়েছিল দুই দলের। সেবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে প্রথম লেগে ১-০ ব্যবধানে জিতেছিল আর্সেনাল এবং ফিরতি লেগ গোলশূন্য ড্র করেছিল। আজ কোয়ার্টার ফাইনালে লড়বে তারা। ঘরের মাঠে প্রথম লেগে রিয়ালকে আতিথেয়তা দেবে আর্সেনাল। তার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বেশ আত্মবিশ্বাসী ছিলেন স্বাগতিক দলের দুই প্রতিনিধি।
অধিনায়ক বুকায়ো সাকা বলেন, ‘এটা আমাদের জন্য অনেক অর্থবহ হবে। ক্লাবটি একটি সময় পর টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে, তাই আগামীকাল (আজ) রাতে আমরা পরবর্তী পদক্ষেপ নিতে চাই এবং পরিস্থিতি কাটিয়ে ওঠার চেষ্টা করতে চাই। এটা মাদ্রিদ, তাদের সম্মান করতে হবে এবং ইতিহাসে তারা যা করেছে তা মেনে নিতে হবে। যাই হোক, ম্যাচে যেকোনো কিছু ঘটতে পারে। তাই এ নিয়ে খুব বেশি ভাবছি না।’
আর্সেনাল কোচ মিকেল আর্তেতার ভাষ্য ছিল এমন, ‘এটি সবচেয়ে বিশেষ জিনিসগুলোর মধ্যে একটি। এটি এমন একটি প্রতিযোগিতা; যার জন্য আমরা অনেক বছর ধরে অপেক্ষা করছি। আর্সেনাল ১৫ বছরে মাত্র দুইবার (চ্যাম্পিয়ন্স লিগে) এই পর্যায়ে এসেছে। এটিই এর কঠিনতাকে প্রকাশ করে এবং আমরা আমাদের নিজস্ব গল্প তৈরি করতে যাচ্ছি। আরও এগিয়ে যেতে যাচ্ছি। আগামীকাল (আজ) আমাদের সবার জন্য একটি চমৎকার সুযোগ।’
আর্তেতা আরও বলেন, ‘রিয়াল কীভাবে প্রস্তুতি নেবে, তারা কী করতে পারে- এসব আমাদের নিয়ন্ত্রণে নেই। আমরা আমাদের শক্তি-সার্মথ্যে মনোযোগ দেব। নিজেদের দুর্বলতা লুকিয়ে সঠিক উপায়ে খেলতে চাই। লিড নিয়ে ফিরতি লেগে যাওয়া খুব গুরুত্বপূর্ণ। এটাই আমরা অর্জন করতে চাই এবং এর জন্য লড়াই করব। তাদের হারানোর জন্য প্রস্তুত আমরা।’
বায়ার্নের প্রতিপক্ষ ইন্টার মিলান
বুন্দেসলিগায় টেবিলের শীর্ষে বায়ার্ন মিউনিখ। সিরি’আতে সবার ওপরে ইন্টার মিলান। দুই লিগের দুই টপার আজ মুখোমুখি হবে ইউরোপ সেরা টুর্নামেন্টে। বায়ার্নের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় প্রথম লেগ খেলবে ইন্টার। ইউরোপিয়ান টুর্নামেন্টে এটা দুই দলের দশম সাক্ষাৎ। আগের ৯ দেখায় বায়ার্নের জয় পাঁচটি, ইন্টারের জয় তিনটি এবং ড্র একটি। চ্যাম্পিয়ন্স লিগে ২০২২-২৩ মৌসুমে সর্বশেষ মুখোমুখি হয়েছিল তারা। গ্রুপপর্বে দুই ম্যাচেই ২-০ ব্যবধানে জিতেছিল বায়ার্ন। জার্মান জায়ান্টদের বিপক্ষে সর্বশেষ সাত ম্যাচের চারটিতে হেরেছে ইন্টার। জয় ছিল দুটি; অন্যটি হয়েছিল ড্র।