ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনী ও মোহামেডানের লড়াইয়ে শতকের দেখা পেয়েছেন আনিসুল ইসলাম। তার শতকে চড়ে ৩০০ রানের সম্ভাবনা জাগিয়েও মোহামেডানের স্কোরবোর্ডে যোগ হয়েছে ২৬৪ রান।
শনিবার (১২ এপ্রিল) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে মোহামেডানকে ব্যাটিংয়ে পাঠায় আবাহনী।
মোহামেডানের উদ্বোধনী জুটি হয় ৩৩ রানের। ১৬ রান করে আউট হন রনি তালুকদার। তাকে ফেরান নাহিদ রানা।
এরপর আরেক ওপেনার আনিসুল ইসলামের সঙ্গে তিনে নামা মাহিদুল ইসলাম অঙ্কনের জুটি হয় ১২৩ রানের। অঙ্কনকে (৪৮) বোল্ড করে সেই জুটি ভাঙেন আবাহনী স্পিনার রাকিবুল ইসলাম।
অধিনায়ক তাওহিদ হৃদয় মাত্র ৩ রান করেন। ১৬৬ রানে ৩ উইকেট হারালেও উইকেটে থিতু হওয়া আনিসুল ইসলাম আদায় করে নেন নিজের শতক। তাকে সঙ্গে দিতে শুরু করা মুশফিক বিদায় নেন দলীয় ২০৪ রানে ব্যক্তিগত ২০ রানে।
শতকের পর আরও ১৮ রান যোগ করে ব্যক্তিগত ১১৮ রানে আনিসুল সাজঘরের পথ ধরেন নাহিদ রানার বলে। তার ইনিংসটি সাজানো ছিল ১৮ চার ২ ছয়ে। ২৩১ রানে ৫ উইকেট হারায় মোহামেডান। ৩০০ দলীয় সংগ্রহ ছুঁয়ে ফেলার সম্ভাবনা জাগিয়েও তা বাস্তবে রূপ দিতে পারেননি মোহামেডানের বাকি ব্যাটাররা।
আনিসুলের বিদায়ের পর আর মাত্র ৩১ রান যোগ হতেই পতন হয় বাকি ৫ উইকেটের। অভিজ্ঞ মুশফিকুর রহিম ২০ ও মাহমুদউল্লাহ রিয়াদ ১৭ রান করেন মাত্র। মেহেদী হাসান মিরাজও ১৮ রানের বেশি করতে পারেননি।
ইনিংসের ৮ বলে বাকি থাকতেই ২৬৪ রানে অলআউট হয় মোহামেডান। আবাহনীর হয়ে নাহিদ রানা সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন। জোড়া উইকেট শিকার করেছেন মৃত্যুঞ্জয় চৌধুরী, রাকিবুল হাসান মাহফুজুর রাব্বি। মোসাদ্দেক হোসেন সৈকত ১টি উইকেট শিকার করেন।