কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসীদের গুলিতে পর্যটকসহ ২৬ জন নিহতের ঘটনা ঘটার পর ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর পেয়েছিলেন ই-মেইলে হত্যার হুমকি। কাশ্মীরের ঘটনার প্রতিবাদের পরই এই হুমিক পান তিনি।
এবার হত্যার হুমকি পেলেন ভারতের পেস বোলার মোহাম্মদ শামি। তিনিও গম্ভীরের মতোই ই-মেইলে পেয়েছেন হত্যার হুমকি। আইপিএল চলাকালিন গেল রবিবার (৪ মে) এই হুমকি পান তিনি।
এই ঘটনার পর শামির ভাই মোহাম্মদ হাসিব উত্তরপ্রদেশের আমরোহার সাইবার ক্রাইম পুলিশ স্টেশনে এফআইআর দায়ের করেছেন।
ভারতের সংবাদমাধ্যম জানিয়েছে, মোহাম্মদ শামিকে খুনের হুমকি পাঠিয়েছেন রাজপুত সিন্দার নামের এক ব্যক্তি। এরপরই উদ্বিগ্নতা দেখা দিয়েছেই শামির পরিবারের সদস্যদের মাঝে। হুমকি প্রদানকারী ব্যক্তি অচেনা হওয়ায় কী কারণে শামিকে খুনের হুমকি দেওয়া হয়েছে, সেটাও তারা বুঝতে পারছেন না।
আমরোহার সাইবার ক্রাইম পুলিশ স্টেশনে বিএনএসের ৩০৮ (৪) ছাড়াও তথ্য প্রযুক্তি আইনের ৬৬ডি এবং ৬৬ই ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাটিকে খুবই গুরুত্বসহকারে নিয়েছে। আমরোহার এসপির নির্দেশে শুরু হয়েছে তদন্ত।
উল্লেখ্য, চলমান আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলছেন শামি। তবে পারফরম্যান্স তেমন ভালো নয়। এখনও পর্যন্ত ৯ ম্যাচে শিকার করেছেন মাত্র ৬ উইকেট।