ফিরতি লেগে ইন্টার মিলানের কাছে ৪-৩ ব্যবধানে হেরে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল স্বপ্নের সমাধি হয়ে গেছে বার্সেলোনার। এক দশক পর সেমিফাইনালে জায়গা করে নেওয়ার পর শিরোপার স্বপ্নে বিভোর বার্সার খেলোয়াড় ও সমর্থকদের জন্য এক হতাশার রাতই ছিল গতকাল।
ম্যাচের আগে শিষ্যদের চাপমুক্ত থেকে উপভোগ করার পরামর্শ দিয়েছিলেন হান্সি ফ্লিক। ইন্টারের কাছে রোমাঞ্চকর লড়াইয়ে হারের পর ফ্লিক হতাশ হলেও শিষ্যদের পারফরম্যান্সে গর্বিত ফ্লিক বললেন, ‘আমি আমার দল নিয়ে গর্বিত।’
ইন্টারের কাছে জিততে জিততে হারের ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বার্সা কোচ বলেন, ‘আমি হতাশ, তবে দলের পারফরম্যান্স নিয়ে নয়। তারা সর্বোচ্চ চেষ্টা করেছে এবং দুর্দান্ত খেলেছে। যদিও আমরা বাদ পড়েছি, তবুও আগামী মৌসুমে আবার চেষ্টা করব। আমরা আমাদের সমর্থক ও ক্লাবকে গর্বিত করতে চাই।’
এমন পরাজয়ে স্বাভাবিকভাবেই খেলোয়াড় এবং সমর্থক উভয়ই মানসিকভাবে ভেঙে পড়ে। বার্সা কোচ দল ও সমর্থকদের চাঙ্গা করতে দিয়েছেন অনুপ্রেরণামূলক বার্তাও, ‘এই অভিজ্ঞতা থেকে আমরা শিখব। আমরা শিখতে চাই, উন্নতি করতে চাই। আগামী মৌসুমে আমরা আরো শক্তিশালী হয়ে ফিরব।’
তরুণ দল নিয়ে ফ্লিক বলেন, ‘আমাদের দলটি তরুণ, আমাদের আরো পরিণত হতে হবে। রক্ষণসহ বেশ কিছু জায়গায় আমাদের উন্নতি করতে হবে। তবে আমরা লড়াই চালিয়ে যাব। এই ম্যাচটা শেষ। এখন ঘুরে দাঁড়াতে হবে, সামনে এল ক্লাসিকো আছে। আমি আমার দলকে জাগিয়ে তুলব।’
হারলেও প্রতিপক্ষ ইন্টার মিলানকে অভিনন্দন জানিয়েছেন বার্সা কোচ, ‘ইন্টার দারুণ দল। তারা একসঙ্গে খেলে, ভালোভাবে রক্ষণ করে এবং দলে দুর্দান্ত স্ট্রাইকার রয়েছে। তাদের মিউনিখে শুভকামনা জানাই।’
বার্সেলোনার সামনে এখন ঘুরে দাঁড়ানোর বড় সুযোগ এল ক্লাসিকোতে। রিয়াল মাদ্রিদের বিপক্ষে জয় লা লিগা শিরোপার পথে তাদের অনেকটাই এগিয়ে দেবে।