কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসীদের গুলিতে পর্যটকসহ ২৬ জন নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানকে দোষারোপ করে আসছিল ভারত। সেই ঘটনার জের ধরেই মঙ্গলবার (৬ মে) রাতে পাকিস্তানে হামলা চালায় ভারত।
এই হামলার নাম দেওয়া হয় ‘অপারেশন সিঁদুর।’ ভারতের সকল তারকা তাদের সেনাবাহিনীর প্রতি সম্মান জানিয়ে পোস্ট করেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
এই হামলার বিপরীতে ছেড়ে কথা বলছে না পাকিস্তানও। শক্তভাবে জবাব দিচ্ছে পাকিস্তানের সেনাবাহিনীও। পাকিস্তানের ক্রীড়াবিদরাও সমর্থন জানিয়েছেন তাদের দেশের সেনাদের ওপর।
চলমান পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে খেলছেন শাহিন শাহ আফ্রিদি। তিনিসহ একাধিক লাহোরের একাধিক ক্রিকেটার ভিডিওবার্তায় সমর্থন জানিয়েছেন পাকিস্তান সেনাবাহিনীর প্রতি।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্স একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি, আবদুল্লাহ শফিক, জামান খান ও মোহাম্মদ নাঈম একসাথে দাঁড়িয়ে বলছেন, ‘আমরা আমাদের সশস্ত্র বাহিনীকে ভালোবাসি, আমরা গর্বিত পাকিস্তানি, আমরা এক জাতি, পাকিস্তান জিন্দাবাদ।’
পাকিস্তান সেনাবাহিনীর প্রতি সমর্থন জানিয়ে লাহোর কালান্দার্স তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে লিখেছে, ‘শাহিন আফ্রিদি আমাদের ভূখণ্ড রক্ষায় নিয়োজিত সশস্ত্র বাহিনীর প্রতি সমর্থন জানাচ্ছেন। আমরা আমাদের প্রতিরক্ষা বাহিনীর পেছনে শক্তিশালী অবস্থান জানাচ্ছি। পাকিস্তান জিন্দাবাদ।’
কেবল ক্রিকেটই নইয়, অন্যান্য খেলার তারকারাও দাঁড়িয়েছেন পাকিস্তান সেনাবাহিনীর পাশে। অলিম্পিক স্বর্ণজয়ী জ্যাভলিন থ্রোয়ার আরশাদ নাদিম ও অন্যান্য অ্যাথলেটরা সেনাবাহিনীর সাহসিকতার প্রশংসা করেছেন এবং দেশপ্রেমের বার্তা ছড়িয়েছেন।