যুদ্ধবিরতির ঘোষণার পর ১৭ মে থেকে মাঠে ফিরছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি অংশও। বাকি ম্যাচগুলোর জন্য সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছে রিশাদের দল লাহোর কালান্দার্স।
সেই লিগে খেলতে হলে বিসিবির কাছ থেকে অনাপত্তিপত্র পেতে হবে সাকিবকে। দীর্ঘদিন ধরেই তিনি রয়েছেন খেলার বাইরে। সবশেষ নভেম্বরে তিনি নেমেছিলেন মাঠে।
এবার পিএসএলে ডাক পাওয়ায় মাঠে নামার সুযোগ তৈরি হয়েছে সাকিবের। তবে আগে পেতে হবে বিসিবির অনাপত্তিপত্র। ইতোমধ্যেই সেই অনাপত্তিপত্রের জন্য আবেদন করেছেন তিনি।
লাহোরে আগেই খেলছিলেন বাংলাদেশের রিশাদ হোসেন। আসরটি স্থগিত হওয়ার পর তিনি ফিরে এসেছিলেন দেশে। বর্তমানে জাতীয় দলের সঙ্গে তিনি অবস্থান করছেন সংযুক্ত আরব আমিরাতে। সেখানে আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।
নতুন সূচির পিএসএলে রিশাদ আবারও লাহোরের হয়ে মাঠে নামবেন কিনা সেটি এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।
পিএসএলে আগেও খেলেছেন সাকিব। ২০১৬ সালে করাচি কিংসের হয়ে অভিষেক হয় তার। এছাড়া পেশোয়ার জালমির হয়েও খেলেছেন তিনি।
পিএসএলে মোট ১৪টি ম্যাচ খেলেছেন সাকিব। ব্যাট হাতে ১৮১ রান করেছেন, ১৬.৩৬ গড়ে এবং ১০৭.১৪ স্ট্রাইক রেটে। সেই সঙ্গে বল হাতে ৮টি উইকেট নিয়েছেন, ৭.৩৯ ইকোনোমিতে।