২০২৩-২০২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে লড়ছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। প্রথম দিন ১৪ উইকেট নিয়ে দাপট দেখিয়েছে দুই দলের বোলাররা। এই ম্যাচ দিয়ে শেষ হবে তৃতীয় চক্র। এরপর শুরু হবে নতুন চক্রের লড়াই।
সেই চক্রের অংশ হিসেবে বাংলাদেশ দল শ্রীলঙ্কা সফর করতে যাচ্ছে। সে সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে নাজমুল হোসেন শান্তরা। তবে এখনই চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার স্বপ্ন দেখছেন না তিনি।
বৃহস্পতিবার (১২ জুন) মিরপুরে সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা অনেক বড় স্বপ্ন। এখন সেটা ভাবাটাই বোকামি হবে। আমাদের লক্ষ্য হলো ছোট ছোট ধাপ অতিক্রম করে এগিয়ে যাওয়া।’
বাংলাদেশ দল ২০২১-২০২৩ চক্র শেষ করেছিল ৯ নম্বরে থেকে। পরবর্তী চক্রে অবস্থান ছিল সাতে। সেই তুলনায় নতুন চক্রে অবস্থান আরও কিছুটা ওপরে নেওয়ার লক্ষ্য অধিনায়কের, ‘গত চক্রে আমরা মাত্র এক ম্যাচ জিতেছিলাম, এবার জিতেছি চারটি। নতুন চক্রে যদি আরও বেশি জিততে পারি, তাহলে হয়তো ভবিষ্যতে ফাইনালও খেলা সম্ভব হবে। আপাতত লক্ষ্য, পয়েন্ট তালিকার ৪ বা ৫ নম্বরে থাকা।’
টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছেড়েছেন আগেই। সাদা বলের কোনো সংস্করণেই এখন আর অধিনায়ক নেই শান্ত। কেবল টেস্ট দলের দায়িত্বাভার তার কাঁধে। তাই এই মুহূর্তে তার সকল চিন্তা কেবলই টেস্ট ক্রিকেট নিয়ে। যার জন্য সময়ও চেয়েছেন তিনি বোর্ডের কাছে, ‘অধিনায়কত্বে সফল হতে হলে লম্বা সময়ের প্রয়োজন। আমাকে এক বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। এভাবে কোনো একটি টুর্নামেন্টকে সামনে রেখে পরিকল্পনা সাজানো যায়।’
শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন দুই টেস্ট দিয়ে ২০২৫-২৭ চক্র শুরু করবে বাংলাদেশ। সেই চক্রেই বড় কিছু করে দেখাতে চায় শান্তর দল।