২০২৬ ফুটবল বিশ্বকাপের টিকিট প্রক্রিয়া আগামী ১০ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় এই টুর্নামেন্টের জন্য টিকিট বিক্রি হবে ধাপে ধাপে। আগ্রহী দর্শকদের ফিফার ওয়েবসাইটে গিয়ে প্রাথমিক নিবন্ধন করতে উৎসাহিত করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থা।
ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো এক বিবৃতিতে বলেন, ‘আমরা বিশ্বকে আবার উত্তর আমেরিকায় স্বাগত জানাতে মুখিয়ে আছি। কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র মিলে আয়োজন করতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় ও আকর্ষণীয় ক্রীড়া আসরটি। আমরা বিশ্বের সব প্রান্তের সমর্থকদের প্রস্তুত থাকতে বলছি। কারণ এই টিকিটগুলো হতে যাচ্ছে ক্রীড়াজগতের সবচেয়ে কাঙ্ক্ষিত আসন।’
১০ সেপ্টেম্বর থেকে প্রি-রেজিস্টার করা ভক্তরা প্রথমবারের মতো টিকিটের জন্য আবেদন করতে পারবেন। যদিও এখনই বিস্তারিত জানায়নি ফিফা। তবে জানানো হয়েছে যে, পুরো বিক্রয় প্রক্রিয়া হবে একাধিক ধাপে। চলবে ২০২৫ সালের ১০ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ২০২৬ সালের ১৯ জুলাই ফাইনাল পর্যন্ত।
প্রতিটি ধাপে টিকিট কেনার পদ্ধতি, পেমেন্টের উপায় এবং টিকিটের ধরনে ভিন্নতা থাকতে পারে। এসব সম্পর্কে বিস্তারিত তথ্য পর্যায়ক্রমে জানানো হবে। বিশ্বকাপ শুরু হবে ২০২৬ সালের ১১ জুন, মেক্সিকো সিটিতে। ফাইনাল ১৯ জুলাই, নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে।
২০২৬ বিশ্বকাপে দল সংখ্যা বাড়িয়ে ৪৮টি করা হয়েছে। মোট ম্যাচ ১০৪টি। এর মধ্যে কানাডা ও মেক্সিকো আয়োজক দেশ হিসেবে ১৩টি করে ম্যাচ আয়োজন করবে। বাকি সব ম্যাচ হবে যুক্তরাষ্ট্রে। কোয়ার্টার ফাইনাল থেকে ফাইনাল পর্যন্ত সব খেলা হবে যুক্তরাষ্ট্রেই।
এই বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে কার্যত পরীক্ষামূলকভাবে অনুষ্ঠিত হয় ক্লাব বিশ্বকাপ। কিছু ম্যাচে দর্শকসংখ্যা আশানুরূপ না হলেও ফাইনালে চেলসি বনাম পিএসজি ম্যাচে ৮১ হাজারেরও বেশি দর্শক হাজির ছিলেন মেটলাইফ স্টেডিয়ামে। প্রচণ্ড গরম, বিশেষ করে দুপুরের দিকে খেলা হওয়ায় কিছুটা সমস্যা দেখা দিলেও উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্টটি শেষ হয়।
এই টুর্নামেন্টে সরব উপস্থিতি ছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ওয়াশিংটনে খেলার সময় তিনি ইতালিয়ান ক্লাব জুভেন্টাসকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান। এমনকি ফাইনালে উপস্থিত থেকে বিজয়ী চেলসি দলের সঙ্গে ট্রফি প্রদান অনুষ্ঠানে অংশ নেন।
তবে ট্রাম্প প্রশাসনের কঠোর ভিসা ও অভিবাসন নীতির কারণে উদ্বেগ দেখা দিয়েছে। আর তা বিশ্বজুড়ে ফুটবল সমর্থকদের ২০২৬ সালে যুক্তরাষ্ট্রে প্রবেশ নিয়ে। জুন মাসে ট্রাম্প ১৯টি দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেন। যার মধ্যে রয়েছে ইরানও। যারা ইতোমধ্যে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে।