অবশেষে এল আনুষ্ঠানিক ঘোষণা। আগামী ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে পর্দা উঠবে ২০২৫ এশিয়া কাপের। খেলা হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। অংশ নেবে আট দল: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত, ওমান এবং হংকং। গতকাল এ তথ্য নিশ্চিত করেছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভী। তিনি বলেন, ‘আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, ২০২৫ মেন্স এশিয়া কাপ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টটি আগামী ৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। আমরা এক অসাধারণ ক্রিকেট প্রদর্শনী দেখার অপেক্ষায় আছি। পূর্ণাঙ্গ সূচি দ্রুতই প্রকাশিত হবে।’
গত মে মাসে ভারত-পাকিস্তান সামরিক সংঘর্ষের পর এশিয়া কাপের ১৭তম সংস্করণের ভাগ্য অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়। শঙ্কা আরও বাড়ে ঢাকায় এসিসির সভা নিয়ে। অনেক কিছুই সামাল দিয়ে গত বৃহস্পতিবার ঢাকায় এসিসির বার্ষিক সাধারণ সভা করেন নকভী। সেই আলোচনায় এশিয়া কাপ ছিল অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। যদিও সভা শেষে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের তারিখ বা ভেন্যু নিশ্চিত করতে পারেননি এসিসি চেয়ারম্যান। তাতে নতুন করে গুঞ্জন উঠেছিল এশিয়রা কাপের ভাগ্য নিয়ে। সব আলোচনা-সমালোচনা থামিয়ে অবশেষে এসেছে আনুষ্ঠানিক ঘোষণা।
এশিয়া কাপের আয়োজক ভারতীয় ক্রিকেট বোর্ড অব কন্ট্রোল (বিসিসিআই)। তবে খেলা হবে আমিরাতে। এই বছরের শুরুতে পাকিস্তানে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফির আগে একটি চুক্তি করেছিল ভারত-পাকিস্তান। সেটা হলো- ভারত বা পাকিস্তানে অনুষ্ঠিত টুর্নামেন্টগুলোতে তিন বছরের জন্য অন্য দলের জন্য একটি নিরপেক্ষ ভেন্যু প্রদান করা হবে। তারই পরিপ্রেক্ষিতে ভারত চ্যাম্পিয়নস ট্রফিতে তাদের সব ম্যাচ দুবাইতে খেলেছিল, যার মধ্যে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ম্যাচটিও ছিল। এবার পুরো এশিয়া কাপের সব ম্যাচই চলে গেল আমিরাতে।
এশিয়া কাপে ভারত এবং পাকিস্তান একই গ্রুপে থাকবে কিনা তা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। যেমনটি এক দশকেরও বেশি সময় ধরে প্রচলিত- যদিও এটি সম্ভবত হবে বলে মনে করা হচ্ছে। এটি টুর্নামেন্টের সবচেয়ে আর্থিকভাবে লাভজনক ম্যাচের নিশ্চয়তা দেয়। এশিয়া কাপের ফরম্যাট অনুযায়ী, একই গ্রুপে স্থান পাওয়ার ফলে কমপক্ষে দুটি ভারত-পাকিস্তান ম্যাচ পাওয়ার সম্ভাবনা তৈরি হয় এবং উভয় দল ফাইনালে উঠলে তিনবার মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকে। বলা বাহুল্য- এশিয়া কাপে কখনো ভারত-পাকিস্তান ফাইনাল হয়নি।
টুর্নামেন্টে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। ২০২৩ সালে, আগের সংস্করণে ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়েছিল।