ভারতের গড়িমসিতে এশিয়া কাপ আয়োজন নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা। আপাতত সেই শঙ্কা কেটে গেছে। ভেন্যু ও সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।
আগামী ৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে হতে যাচ্ছে এশিয়া কাপ। এই সূচি নিয়ে আপত্তি নেই ভারত ও পাকিস্তান কারোই। নিরপেক্ষ ভেন্যুতেই হতে যাচ্ছে এই আসর।
তবে এমন সিদ্ধান্তে সমালোচনার মুখে পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় ভারত-পাকিস্তানের মধ্যে রাজনৈতিক সম্পর্কের অবনতি ঘটে। সেখান থেকে দুই দল জড়িয়ে পড়ে যুদ্ধেও।
সেই ঘটনার পর ভারতের অনেক সাবেক ক্রিকেটার চান না ভারত খেলুক পাকিস্তানের বিপক্ষে। তবে বিসিসিআইয়ের দ্বিমুখি আচরণের জন্য বিরক্ত ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন।
বিসিসিআইয়ের কড়া সমালোচনা করে আজহার বলেন, ‘আমি সব সময়ই বলি, হলে সব জায়গায়তেই হওয়া উচিত, আর না হলে কোথাও না। যদি দ্বিপাক্ষিক সিরিজ খেলা না হয়, তাহলে আন্তর্জাতিক আসরেও খেলা উচিত নয়। এটাই বিশ্বাস করি। কিন্তু সরকার ও বোর্ড যেটা সিদ্ধান্ত নেয়, সেটাই ঘটে।’
পাকিস্তানের মাটিতে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির কোনো ম্যাচ খেলতে রাজি হয়নি। তখন দুই দলের মধ্যে সমঝোতা হয়েছিল ২০২৭ সাল পর্যন্ত ভারতের মাটিতে কোনো ম্যাচ খেলতে যাবে না পাকিস্তানও। একই নিয়ম ভারতের ক্ষেত্রেও প্রযোজ্য। কিন্তু এশিয়া কাপের দিন ঘনিয়ে আসার পরও কিছুটে বেঁকে বসে ভারত। তবে এখন সেই অনিশ্চয়তা কেটে গেছে।
এশিয়া কাপের সূচি আবার এমনভাবে সাজানো যে, ভারতের সঙ্গে পাকিস্তানের ম্যাচ অন্তত তিনটি হতে পারে। গ্রুপ পর্বে ১৪ সেপ্টেম্বর দেখা হবে একবার। দুদল সুপার ফোরে উঠতে পারলে সেখানে আরেকবার। আবার ফাইনাল নিশ্চিত করতে পারলে সেখানে আরেকবার দেখা হবে দুই বৈরি সম্পর্কের দেশের।