গুঞ্জনটা তাহলে সত্যিই প্রমাণিত হলো। পিএসজি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুম্মা। এই গ্রীষ্মেই ক্লাব ছেড়ে যাচ্ছেন তিনি।
সম্প্রতি তাকে ইউরোপিয়ান সুপার কাপের স্কোয়াড থেকে বাদ দেওয়ার পর দোন্নারুম্মা এই সিদ্ধান্তের কথা জানান।
ইতালিয়ান গোলকিপার ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমি প্রথম দিন থেকেই মাঠ ও মাঠের বাইরে সবকিছু দিয়েছি পিএসজির হয়ে খেলতে। কিন্তু এখন আমাকে দলের বাইরে রাখা হয়েছে, যা আমাকে খুবই হতাশ করেছে।’
দোন্নারুম্মার এই সিদ্ধান্ত নিয়ে কথা বলেছেন কোচ লুইস এনরিকে। ইতালিয়ান গোলকিপারের এই কঠিন সিদ্ধান্তের দায়িত্ব সম্পূর্ণভাবে নিয়েছেন তিনি। দোন্নারুম্মাকে বিশ্বের অন্যতম সেরা গোলকিপার হিসেবে উল্লেখ করলেও পিএসজিতে এমন একজনকে প্রয়োজন, যিনি বল নিয়ন্ত্রণে আরো দক্ষ।
৪০ মিলিয়ন ইউরো মূল্যের লুকাস শেভলিয়েকে পিএসজি লিল থেকে সই করায় অনিশ্চিত হয়ে পড়ে দোন্নারুম্মার ভবিষ্যৎ। তিনি অস্বীকৃতি জানান ক্লাবের নতুন বেতন কাঠামো মেনে নিতে। ফলে সম্পর্কের দূরত্ব আরো বেড়েছে।
সবশেষ মৌসুমে পিএসজির সফলতার পেছনে দারুণ ভূমিকা রেখেছিলেন দোন্নারুম্মা। ক্লাবের ইতিহাসে প্রথম চ্যাম্পিয়নস লীগ শিরোপা জিততে সহায়তা করেন।
ভক্ত ও সমর্থকদের উদ্দেশ্যে দোন্নারুম্মা লিখেছেন, ‘আমি আশা করি পার্ক দেস প্রিন্সেসে ফ্যানদের চোখের দিকে তাকিয়ে বিদায় বলার সুযোগ পাব, যেমনটা হওয়া উচিত। যদি সেটা না হয়, জানিয়ে রাখতে চাই যে আপনারা যে সমর্থন ও ভালোবাসা দিয়েছেন, তা আমি কখনো ভুলব না।
আমি সবসময় সেই মুহূর্তগুলো এবং আপনাদের স্মৃতি হৃদয়ে ধারণ করব। এই ক্লাবের হয়ে খেলতে পারা এবং এই শহরে থাকতে পেরে আমি অনেক সম্মানিত। ধন্যবাদ, প্যারিস।’
নিলয়/