গত বছরের অক্টোবরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন অনুষ্ঠিত হয় এবং তাবিথ আউয়ালের নেতৃত্বাধীন নতুন নির্বাচিত কমিটি ফুটবল এগিয়ে নেওয়ার দায়িত্ব পায়। সেই কমিটি গত ডিসেম্বরে নির্বাহী সভায় ২৯টি জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফএ) কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত নেয়। তাদের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়ার কথা বলা হয়েছিল। তবে ৮ মাস পেরিয়ে গেলেও সেই ডিএফএগুলোকে আনুষ্ঠানিকভাবে কোনো চিঠি দেওয়া হয়নি। বাফুফের অন্যতম নির্বাহী সদস্য ও নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ এই তথ্য দিয়েছেন।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) জেএফএ অনূর্ধ্ব-১৪ ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে কিরণ বলেন, ‘নির্বাহী কমিটিতে যেটা বলা হয়েছিল, সেটা এখনো বাস্তবায়ন হয়নি। আমাদের ডিএফএগুলো এখনো বিলুপ্ত হয়নি। কারণ তাদের কাছে কোনো আনুষ্ঠানিক চিঠি যায়নি।’
জেএফএ অনূর্ধ্ব-১৪ ফুটবল অনুষ্ঠিত হবে জেলাগুলোর অংশগ্রহণে। যেহেতু ডিসেম্বরে এতগুলো ডিএফএ বিলুপ্ত করা হয়, তাহলে তারা কীভাবে দল গড়ল এটাই মূলত জানতে চাওয়া হয় কিরণের কাছে। আর এই প্রশ্নের উত্তর দিতে গিয়েই তিনি উপরের কথাগুলো বলেছেন। অর্থাৎ নিয়ম অনুযায়ী সেই ডিএফএগুলো এখনো কার্যকর। কিন্তু গত ডিসেম্বরে ২৯ ডিএফএ বিলুপ্তির সিদ্ধান্ত হলেও এখনো চিঠি প্রেরণ করা হলো না কেন? এই প্রশ্নের উত্তরে কিরণ বলেন, ‘এটা আপনারা সভাপতিকে জিজ্ঞেস করবেন।’
যোগ করেন, ‘আমরা জেএফএ অনূর্ধ্ব-১৪ ফুটবল করার জন্য চিঠিগুলো ডিএফএগুলোতেই পাঠিয়েছি। যেখানে ডিএফএ অ্যাক্টিভ আছে, সেখানে তারা কাজ করে যাচ্ছে। যেখানে ডিঅ্যাক্টিভ আছে, সেখানে সেক্রেটারি বা ভাইস প্রেসিডেন্ট, যেকোনো একজন দল গঠন করছে। আমরা সেভাবেই ডিএফএগুলোকে ফান্ড ট্রান্সফার করেছি।’