দরজায় কড়া নাড়ছে এশিয়া কাপ। সেই আসরকে সামনে রেখে প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। অনুশীলনের ফাঁকে সংবাদ সম্মেলনে এসে উপস্থিত হন জাতীয় দলের উইকেটকিপার ব্যাটার জাকের আলী অনিক।
সংবাদ সম্মেলনে এসে তিনি জানিয়েছেন, এবারের আসরে লক্ষ্য একটাই, চ্যাম্পিয়ন হওয়া।
সোমবার (১৮ আগস্ট) সংবাদ সম্মেলনে জাকের বলেন, ‘আমরা এবার এশিয়া কাপে ইনশাআল্লাহ চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাচ্ছি, আমিসহ দলের সবাই এটা বিশ্বাস করে। আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া।’
টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপে সাফল্য পেতে নতুন পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডকে নিয়োগ দিয়েছে বিসিবি। কাজ করছেন ক্রিকেটারদের পাওয়ার হিটিং সামর্থ্য বৃদ্ধি নিয়ে।
পাওয়ার হিটিং ট্রেনিং নিয়ে জাকের বলেন, ‘জুলিয়ান পাওয়ার হিটিংয়ে আমাদের কিছু স্কিল নিয়ে কাজ করছে, কিভাবে কোন জায়গায় কার কতখানি উন্নতি করা যায়, এসব নিয়েই কাজ করছে।’
চলতি মাসেই ভারতের বাংলাদেশ সফরে আসার কথা ছিল। কিন্তু সেটি স্থগিত হয়ে যাওয়ায় এশিয়া কাপের আগে প্রস্তুতির জন্য নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।
টানা দুটি সিরিজ জয়ের অভিজ্ঞতায় জাতীয় দলের ক্রিকেটারদের আত্মবিশ্বাস বেড়েছে।
আগামী ৯ সেপ্টেম্বর শুরু হয়ে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর। মোট ৮ দলকে দুই গ্রুপে ভাগ করা হয়েছে। বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। এই গ্রুপের সব ম্যাচ অনুষ্ঠিত হবে আবুধাবিতে।
নিলয়/