আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার বাকি আর মাত্র দুই ম্যাচ। আগামী সেপ্টেম্বরে ভেনেজুয়েলা ও ইকুয়েডর। সেই দুই ম্যাচকে সামনে রেখে প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
স্কোয়াডে আছেন আর্জেন্টাইন গ্রেট লিওনেল মেসি। যিনি দিনকয়েক আগেই সেরে উঠেছেন চোট থেকে। ইন্টার মায়ামির হয়ে আগস্টের শুরুতে চোটে পড়ার পর ছিলেন দুই ম্যাচ মাঠের বাইরে। তখন শঙ্কা জেগেছিল বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে তার ফেরা নিয়ে।
স্কোয়াডে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের আর্জেন্টাইন স্ট্রাইকার হোসে মানুয়েল লোপেজ।
৪২ ম্যাচে ১৫ গোল করে ২৪ বছর বয়সী লোপেজ ডাক পেয়েছেন লাৎসিও স্ট্রাইকার ভালেন্তিন কাস্তেয়ানোসের জায়গায়। গত জুনের বাছাইপর্বের স্কোয়াড থেকে বেশকিছু পরিবর্তন এনে এবার স্কোয়াড ঘোষণা করেছেন স্কালোনি।
এনজো ফার্নান্দেজ, নিকো দমিনগেজ ও ভালেন্তিন বার্কোর জায়গায় ডাক পেয়েছেন হুলিও সোলের, অ্যালান ভারেলা ও ভালেন্তিন কারবোনি। গত জুনে কলম্বিয়ার বিপক্ষে লাল কার্ড দেখেছেন এনজো ফার্নান্দেজ। সেই নিষেধাজ্ঞায় স্কোয়াডে জায়গা হয়নি তার।
বিস্ময় বালক ম্যানচেস্টার সিটির ১৯ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার ক্লদিও এচেভেরিকেও স্কোয়াডে রেখেছেন স্কালোনি। চোট থেকে সেরে না ওঠায় ডাক পাননি পাওলো দিবালা। রিয়াল মাদ্রিদের ১৮ বছর বয়সী মিডফিল্ডার ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোকে স্কোয়াডে রেখেছেন স্কালোনি।
আসন্ন বিশ্বকাপে ইতোমধ্যেই খেলার যোগ্যতা অর্জন করে ফেলেছে বর্তমান চ্যাম্পিয়নরা। ১৬ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে অবস্থান শীর্ষে লিওনেল স্কালোনির দলের।
আগামী ৫ সেপ্টেম্বর বাংলাদেশ সময় ভোরে ভেনেজুয়েলার মুখোমুখি হবে আর্জেন্টিনা। মাঝে চার দিন বিরতির পর ১০ সেপ্টেম্বর বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইকুয়েডর।
নিলয়/