সেপ্টেম্বরে অনুষ্ঠেয় এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। দলে ফিরেছেন শুভমান গিল। অক্ষর প্যাটেলকে সরিয়ে তাকে সহ-অধিনায়ক করা হয়েছে। দলটির নেতৃত্বে থাকবেন সূর্যকুমার যাদব।
উদ্বোধনী ব্যাটার হিসেবে থাকছেন তিনজন- শুভমান গিল, অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন। তবে সহ-অধিনায়ক হিসেবে গিলই ওপেনিং স্লটের সবচেয়ে বড় দাবিদার।
মিডল ও লোয়ার অর্ডারে রয়েছেন সূর্যকুমার, তিলক ভার্মা, রিঙ্কু সিং এবং জিতেশ শর্মা। জিতেশকে প্রথম পছন্দের উইকেটকিপার হিসেবেও বিবেচনা করা হচ্ছে। অলরাউন্ডার বিভাগে আছেন অক্ষর, হার্দিক পান্ডিয়া ও শিভম দুবে।
বিশেষজ্ঞ বোলারদের মধ্যে জসপ্রিত বুমরাহ, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী ও হর্ষিত রানা রয়েছেন। রানা ব্যাটিংয়েও কিছুটা অবদান রাখতে পারেন।
অন্যদিকে স্কোয়াডে সুযোগ পাননি যশস্বী জয়সওয়াল। তিনি রিজার্ভ তালিকায় আছেন প্রসিদ্ধ কৃষ্ণা, ওয়াশিংটন সুন্দর, রিয়ান পরাগ ও ধ্রুব জুরেলের সঙ্গে। গত আইপিএলে ৬০৪ রান করা ও পাঞ্জাব কিংসকে ফাইনালে তুলেও শ্রেয়াস আয়ার মূল দলে জায়গা পাননি।
অন্যদিকে গিলের এটি প্রত্যাবর্তন। ২০২৪ সালের জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে শেষবার ভারতের টি টোয়েন্টি দলের সহ-অধিনায়ক ছিলেন তিনি। এরপর তাকে টেস্ট ও একদিনের ক্রিকেটে ব্যস্ত রাখায় টি টোয়েন্টি দলে জায়গা পাননি। এ বছর চ্যাম্পিয়নস ট্রফি জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে রেকর্ড রান করে দলকে ২-২ সমতায় রাখতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। আইপিএল ২০২৫-এ গুজরাট টাইটানসের হয়ে তিনি ৬৫০ রান করেছেন ১৫৫.৮৭ স্ট্রাইক রেটে।
অধিনায়ক সূর্যকুমার যাদব বলেন, ‘শ্রীলঙ্কা সফরে আমি অধিনায়ক ছিলাম আর গিল ছিল সহ-অধিনায়ক। সেখান থেকেই নতুন চক্র শুরু। এরপর সে টেস্ট ও চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে ব্যস্ত ছিল। তাই টি টোয়েন্টি খেলার সুযোগ আসেনি। এবার তাকে আবার দলে পেয়ে আমরা খুশি।’
গ্রুপ ‘এ’-তে ভারত খেলবে পাকিস্তান, ওমান ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে। ভারতের প্রথম ম্যাচ ১০ সেপ্টেম্বর দুবাইয়ে আরব আমিরাতের বিপক্ষে। এরপর ১৪ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে দুবাইয়ে এবং ১৯ সেপ্টেম্বর আবুধাবিতে ওমানের বিপক্ষে খেলবে তারা।
ভারতের এশিয়া কাপ স্কোয়াড
সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, অর্শদীপ সিং, অভিষেক শর্মা, তিলক ভার্মা, শিভম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা, জসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, হর্ষিত রানা, রিঙ্কু সিং, সঞ্জু স্যামসন।
রিজার্ভ খেলোয়াড়: প্রসিদ্ধ কৃষ্ণা, ওয়াশিংটন সুন্দর, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, যশস্বী জয়সওয়াল।