পাকিস্তানে ক্রিকেট ম্যাচ চলাকালে খাইবার পাখতুনখোয়ায় বোমা বিস্ফরণে একজন নিহতের খবর মিলেছে। খবরটি নিশ্চিত করেছে দেশটির সংবাদমাধ্যম ডন। আহত হয়েছেন বেশ কয়েকজন।
উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশের খার তেহসিল কাউসার ক্রিকেট গ্রাউন্ডে হওয়া বিস্ফোরণটি উচ্চপ্রযুক্তির ডিভাইস ব্যবহার করে। এটি কোনো পরিকল্পিত হামলা বলে জানিয়েছেন বাজাউর জেলা পুলিশ কর্মকর্তা ওয়াকাস রফিক।
খেলা চলাকালীন এই বিস্ফোরণের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সেই ভিডিওতে দেখা গেছে, হঠাৎ বিস্ফোরণের পর আতঙ্কিত মানুষ ছোটাছুটি শুরু করেছে। ধোঁয়ায় ঢেকে গেছে চারপাশ। ঘটনাস্থলেই প্রাণ হারান একজন। স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে আহতদের। যাদের মধ্যে শিশুও রয়েছে।
গত শনিবারে কোয়াডকপ্টার দিয়ে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছিল পাঞ্জাবের লাঘরি জেলার লোয়ি মামুন্দ এলাকায়। সেখানে এক পুলিশ সদস্য নিহত হন এবং আহত হন দুজন।
সূত্রের বরাতে ডন জানিয়েছে, ওই হামলায় আহত হয়েছেন কনস্ট্যাবল মোহাম্মদ হাবিব ও নাজিব খান নামে এক সাধারণ নাগরিক। এ ছাড়া পার্ক করে রাখা একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়।
নিলয়/