সার্বিয়াতে চলছে ছাত্র-জনতার আন্দোলন। সরকারবিরোধী এই আন্দোলনে ছাত্রদের পক্ষ নিয়েছেন টেনিস তারকা নোভাক জকোভিচ। ফলে সরকারের রোষানলে পড়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন তিনি।
২০২৪ সাল থেকে সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আসছে সার্বিয়ার ছাত্র-জনতা। ২৪ গ্র্যান্ড স্লাম জয়ী এই টেনিস তারকা আন্দোলনের সমর্থন দিয়ে বাধ্য হয়েছেন দেশ ছেড়ে ইউরোপের দেশ গ্রিসে পাড়ি জমাতে।
সংবাদমাধ্যম পোর্তো থেমা জানিয়েছে, স্থায়ীভাবে থাকার জন্য গ্রিসের রাজধানী এথেন্সের গ্লিফাদায় বাড়ি কিনেছেন জকোভিচ। দুই সন্তানকে সেখানকার একটি স্কুলে ভর্তি করিয়ে একটি টেনিস একাডেমি চালু করতে যাচ্ছেন তিনি।
ছেলেকে নিয়ে সম্প্রতি এথেন্স শহরের কাভুরি টেনিস ক্লাবে ছেলের সঙ্গে অনুশীলন করতেও দেখা গেছে এই তারকাকে। মোটা অঙ্কের বিনিয়োগও করতে তিনি প্রস্তুত দেশটিতে গোল্ডেন ভিসা পাওয়ার জন্য। এরই মধ্যে গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিসের সঙ্গে দুবার দেখাও করেছেন জকোভিচ।
সার্বিয়ার সরকারের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছাত্র-জনতার পক্ষ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করে সমর্থন জানান জকোভিচ। এতে ক্ষিপ্ত হয়ে সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্দার ভুচিচ তাকে দেশের শত্রু হিসাবে চিত্রিত করেন।
নিলয়/