ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলবেন লিটন দাস? প্রশ্নের উত্তর পাওয়া যাবে ম্যাচ শুরুর আগ মুহূর্তে। কেননা, অধিনায়ককে ম্যাচে পেতে শেষ সময় পর্যন্ত অপেক্ষা করবে টিম ম্যানেজমেন্ট।
ভারত ম্যাচের আগে গত সোমবার দুবাইয়ের আইসিসি একাডেমি গ্রাউন্ডে অনুশীলন সেরেছে বাংলাদেশ দল। সেই প্রস্তুতিপর্বেই আঘাত পান লিটন। কোমরে টান অনুভব করেন তিনি। নেটে স্কয়ার কাট শট খেলতে গিয়ে বাঁ পাশের কোমরে অস্বস্তি বোধ করলে টাইগার অধিনায়ক অনুশীলন বন্ধ করে দেন। পরে দলের ফিজিও বাইজিদুল ইসলাম তাকে পর্যবেক্ষণ করেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তা ক্রিকবাজকে জানিয়েছেন, ‘আমরা আজ (মঙ্গলবার) তাকে পর্যবেক্ষণ করব। বাইরে থেকে ঠিকঠাক মনে হলেও, নিশ্চিত হওয়ার জন্য মেডিক্যাল পরীক্ষা করা দরকার। এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’ লিটন ছিটকে গেলে নেতৃত্ব নিয়ে তৈরি হবে অনিশ্চয়তা। বিসিবি এখনো কোনো ভাইস-ক্যাপ্টেন ঘোষণা করেনি, ফলে প্রয়োজনে কে অধিনায়কত্ব করবেন তা স্পষ্ট নয়। বাংলাদেশ সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে দারুণ শুরু করেছে। কিন্তু লিটনের ইনজুরি সেই সাফল্যের মাঝে উদ্বেগ তৈরি করেছে।
এশিয়া কাপে ব্যাট হাতে লিটনের শুরুটা দারুণ ছিল। হংকংয়ের বিপক্ষে খেলেন ৫৯ রানের ইনিংস। পরের তিন ইনিংসের মধ্যে দুটিতে থিতু হয়েও স্কোর বড় করতে পারেননি তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপপর্বে এবং সুপার ফোরে আউট হন যথাক্রমে ২৮ ও ২৯ রানে। আফগানিস্তান ম্যাচে করেছিলেন মাত্র ৯ রান।
অনিক/নিলয়/