মাঠে নামলেই ৩৮ বছর বয়সী লিওনেল মেসি যেন হয়ে যান কিশোর। খেলার ধরন দেখে কোনোভাবেই বোঝার উপায় নেই যে ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছেন তিনি। ইন্টার মায়ামির জার্সিতে টানা দ্বিতীয় ম্যাচে পেলেন জোড়া গোলের দেখা। নিউইয়র্ক সিটির বিপক্ষে ৪-০ ব্যবধানে জিতেছে ইন্টার মায়ামি।
ধারণা করা হচ্ছে ২০২৬ বিশ্বকাপে খেলবেন আর্জেন্টিনার হয়ে। মেসি যে মাঠে নামার জন্য প্রস্তুত, সেটি তো তার পারফরম্যান্সেই স্পষ্ট।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভোরে নিউইয়র্কের সিটির ঘরের মাঠেই এমন দাপুটে জয় পেয়েছে লিওনেল মেসি।
নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফেরার পর মায়ামির হয়ে পেনাল্টিতে গোল করেছেন লুইস সুয়ারেজ। মেসির গোল ছাড়াও অন্য গোলটি করেছেন বালতাসার রদ্রিগেজ।
৪২ মিনিটে প্রথমবার এগিয়ে যায় মায়ামি মেসির অ্যাসিস্টে। মাঝমাঠে থাকা লিওনেল মেসির পাস পেয়ে বালতাসার বিনা বাধায় ঢুকে পড়ে নিউইয়র্কের বক্সে। সামনে আগুয়ান গোলকিপারের পাশ দিয়ে বল জালে জড়ান। প্রথম গোলে সহায়তা করে মেজর লিগের খেলোয়াড় হিসেবে টানা দ্বিতীয় মৌসুমে ৩৫ গোলে সহায়তা করেন মেসি।
দ্বিতীয়ার্ধের খেলা মাঠে ফিরলেও গোলের দেখা পেতে সময় লেগেছে মায়ামির। ৭৪ মিনিটে মেসি নিজের প্রথম গোলের দেখা পান। মেসির গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় মায়ামি।
৮২ মিনিটে মায়ামি পেনাল্টি পেলে সেটি থেকে গোল করেন নিষেধাজ্ঞা থেকে ফেরা লুইস সুয়ারেজ।
৮৬ মিনিটে প্রতিপক্ষের ভুলে বল পেয়ে বক্সে ঢুকে মাটি কামড়ানো শটে দ্বিতীয় বারে বল জড়ান মেসি। এই গোলের মাধ্যমে এমএলএস ইতিহাসের চতুর্থ খেলোয়াড় হিসেবে এক মৌসুমে ৮ ম্যাচে একাধিক গোলের রেকর্ড গড়লেন আর্জেন্টাইন তারকা।
এই জয়ে ২৯ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে এমএলএস ইস্টার্ন কনফারেন্সের টেবিলে তিনে উঠেছে মায়ামি।
নিলয়/