দারুণ বোলিংয়ের পরও পাকিস্তানের কাছে হার। যে হারে স্বপ্নভঙ্গ ফাইনালের। যে জাকের আলী অনিক দেশ ছাড়ার আগে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখিয়েছিলেন, লিটনের চোটে ভারপ্রাপ্ত অধিনায়ক হয়ে তিনি পারলেন না দলকে ফাইনালে তুলতে।
গতকাল (২৫ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বোলারদের দাপটে ১৩৫ রানে অলআউট হয় পাকিস্তান। এই সামান্য লক্ষ্য তাড়া করতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। অবিশ্বাস্যভাবে হেরে গেছে ১১ রানে।
এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে প্রথমবারের মতো হতে যাচ্ছে ভারত-পাকিস্তান ফাইনাল। হতে পারতো বাংলাদেশ-ভারত ফাইনাল। কিন্তু কেন হতে পারেনি? ভুলটা কোথায় ছিল?
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলী অনিক হারের কারণ নিয়ে বলেন, ‘গত দুই ম্যাচে আমরা ব্যাটিং ইউনিট হিসেবে হেরেছি। বোলিং ইউনিট হিসেবে ছেলেরা খুব ভালো করেছে, সবাই দারুণ পারফর্ম করেছে। গতকালও ব্যাটিং আমাদের ম্যাচ হারিয়েছে, আজও একই।
দেশ ছাড়ার আগেই বিসিবি জাকেরকে জানিয়ে দিয়েছিল জরুরি পরিস্থিতিতে অধিনায়কত্ব করা লাগতে পারে। লিটনের চোটে দুই ম্যাচ নেতৃত্ব দিয়েও অভিজ্ঞতা সুখকর হয়নি জাকেরের।
নিজের অধিনায়কত্ব নিয়ে জাকের বলেন, ‘একটু কঠিন ছিল, কিন্তু আমি চেষ্টা করেছি সুযোগগুলো নিতে, নিজের খেলাটা খেলার এবং অধিনায়কত্বে মানিয়ে নেওয়ার ও উপভোগ করার চেষ্টা করেছি।’
ম্যাচ হারলেও কিছু সতীর্থের ব্যক্তিগত পারফরম্যান্সে খুশি জাকের। বিশেষ করে বোলারদের নিয়ে গর্বিত তিনি, ‘আমাদের বোলাররা—রিশাদ আর সাইফ। ব্যাটার হিসেবে সাইফ পুরো টুর্নামেন্টে খুব ভালো খেলেছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা তাকে সঠিকভাবে সাপোর্ট দিতে পারিনি। বোলিং ইউনিট হিসেবে আমরা পুরো টুর্নামেন্টে খুব ভালো করেছি।’
এশিয়া কাপে বাংলাদেশের যাত্রা শেষ হয়ে গেলেও দেশে ফিরছে না দল। সংযুক্ত আরব আমিরাতেই আফগানিস্তানের বিপক্ষে সমান ৩ ম্যাচের টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। টি-টোয়েন্টি ২, ৩ ও ৫ অক্টোবর এবং ওয়ানডে ম্যাচগুলো হবে ৮, ১১ ও ১৪ অক্টোবর।
নিলয়/