মাত্র ১৩৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশ ম্যাচ হেরেছে ১১ রানের ব্যবধানে। এই ম্যাচ কীভাবে বাংলাদেশ হারল কিছুতেই যেন প্রশ্নের জবাব খুঁজে পাচ্ছেন না সমর্থকরা। তবে হারের মূল কারণ খুঁজে বের করেছেন প্রধান কোচ ফিল সিমন্স।
ম্যাচ শেষে কোচ জানিয়ে দিলেন, তিনটি ক্যাচ মিস আর ব্যাটসম্যানদের খারাপ সিদ্ধান্তের কারণেই ফাইনালে উঠতে পারেনি বাংলাদেশ।
ব্যাটিং অর্ডারে ওপরে ব্যাটিং করতে আসা পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদির দুটি ক্যাচ ছাড়ে বাংলাদশ। ৫১ রানে ৫ উইকেট হারিয়ে পাকিস্তান যখন দিশেহারা। তখন নুরুল হাসান সোহান ও শেখ মাহেদী হাসান ছাড়েন আফ্রিদির ক্যাচ।
আউট হওয়ার আগে আফ্রিদি ১৩ বলে ১৯ রান করেন, মারেন দুই ছক্কা। শূন্য থাকা মোহাম্মদ নওয়াজের আকাশে ভাসিয়ে মারা বল বাউন্ডারে ক্যাচ ছেড়ে চার বানিয়ে দেন পারভেজ হোসেন ইমন। জীবন পেয়ে তিনি করেন ১৫ বলে ২৫ রান। ইনিংস সাজান ২ ছক্কা ও ১ চারে।
কোচ সিমন্স বলেন, ‘আমরা যখন শাহীন আর নওয়াজের ক্যাচ ফেললাম, তখনই খেলার গতিপথ বদলে গেল। তার আগে ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে ছিল। অনেকে স্টেডিয়ামের আলো নিয়ে কথা বলছে, কিন্তু আমি মনে করি এই ক্যাচগুলোর ক্ষেত্রে আলো কোনো সমস্যা ছিল না।’
শীষ্যদের ব্যাটিং নিয়েও সন্তুষ্ট হতে পারেননি ফিল সিমন্স। অযথা বাড়তি শট খেলার প্রবণতায় উইকেট বিলিয়ে দেওয়ার কথা বলেছেন তিনি, ‘আমাদের নির্দিষ্ট ওভারের মধ্যে টার্গেট তাড়া করতে হতো না। শুধু জিতলেই হতো। কিন্তু খারাপ সিদ্ধান্ত নিয়েছি আমরা। দুই দিন আগে আমরা একই উইকেটে ১৬০ রান তাড়া করেছি। আজ ব্যাটসম্যানরা সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি।’
চোটের কারণে নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস দলে না থাকা ভুগিয়েছে বাংলাদেশ দলকে। সেটি স্বীকার করেছেন স্বয়ং কোচ, ‘আমরা লিটন আর তানজিদের মতো দুই ব্যাটসম্যানকে একসাথে হারিয়েছি। লিটন এমন ফর্মে ছিল যে তাকে ছাড়া ব্যাটিং অর্ডার পূরণ করা কঠিন হয়ে গেছে।’
নিলয়/