দ্বাদশ রাউন্ড পর্যন্ত গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ ও আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমানের মধ্যে সেয়ানে সেয়ানে লড়াই হলো। তাতে শিরোপা জয়ের হাতছানি নিয়েই বুধবার (১ অক্টোবর) ত্রয়োদশ বা শেষ রাউন্ডের খেলায় অবতীর্ণ হলেন তারা। তবে বাংলাদেশ আনসারের নিয়াজ নিজ খেলায় জয় তুলে নিলেও পারলেন না একই সংস্থার ফাহাদ রহমান। ফলে ৪৯ তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে শ্রেষ্ঠত্বের মুকুট পড়লেন নিয়াজ।
এনিয়ে সপ্তম বারের মতো জাতীয় দাবায় সেরা হলেন উপমহাদেশের প্রথম গ্র্যান্ড মাস্টার নিয়াজ। বর্তমানে ৫৯ বছর বয়সী এই দাবাড়ু ৬ বছর আগে ২০১৯ সালে সবশেষ শিরোপাটা পেয়েছিলেন। তার আগে ১৯৭৯, ১৯৮০, ১৯৮১ ও ১৯৮২ সালে টানা চারবার জাতীয় দাবায় চ্যাম্পিয়ন হন তিনি। দীর্ঘ বিরতির পর ২০১২ সালে পান পঞ্চম শিরোপা। উল্লেখ্য, জাতীয় দাবায় সবচেয়ে বেশি শিরোপা প্রয়াত গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের। সর্বাধিক ১৪বার চ্যাম্পিয়ন হয়েছেন তিনি।
দ্বাদশ রাউন্ড পর্যন্ত সাড়ে ৯ পয়েন্ট নিয়ে যুগ্মভাবে পয়েন্ট তালিকার শীর্ষস্থানে ছিলেন নিয়াজ ও ফাহাদ। শেষ রাউন্ডে যদি তারা দুজনই জয় পেতেন বা উভয়ই ড্র করতেন, তাহলে প্লে-অফে শিরোপা নির্ধারণ হতো। শেষ পর্যন্ত অতটা রোমাঞ্চকর কিছু হয়নি।
বুধবার (১ অক্টোবর) শেওড়াপাড়াস্থ ইয়ুথ টাওয়ারের লেবেল-৪ অডিটোরিয়ামে শেষ রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। গ্র্যান্ড মাস্টার নিয়াজ শেষ রাউন্ডে ফিদে মাস্টার সুব্রত বিশ্বাসকে পরাজিত করেন। সাদা ঘুঁটি নিয়ে কিংস ইন্ডিয়ান ডিফেন্স পদ্ধতিতে খেলে ২৫ চালের মাথায় জয় তুলে নেন তিনি। সুবাদে ১৩ খেলায় সাড়ে দশ পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হন নিয়াজ। ফাহাদ সাড়ে ৯ পয়েন্ট নিয়ে রানারআপ হয়েছেন।
বাংলাদেশ সেনাবাহিনীর ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ সাড়ে ৮ পয়েন্ট নিয়ে তৃতীয়, গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় ৮ পয়েন্ট পেয়ে চতুর্থ ও বাংলাদেশ আনসারের ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া সাড়ে ৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থান লাভ করেন।