পরপর দুদিন সেঞ্চুরির দেখা মিলেছে জাতীয় লিগ টি-টোয়েন্টিতে। গতকাল (৪ অক্টোবর) সাদমান ইসলাম ঢাকা মেট্রোর হয়ে করেন ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি শতক। এবার শতকের দেখা পেলেন চট্টগ্রামের মাহমুদুল হাসান জয়।
চট্টগ্রামের ২১৪ রানের বড় সংগ্রহ এসেছে জয়ের ১১০ রানের ইনিংসে। এই সংগ্রহ টপকাতে গিয়ে মাত্র ১১৫ রানেই থেমেছে সিলেটের ব্যাটিং লাইনআপ। ফলে ৯৯ রানের জয় পেয়েছে চট্টগ্রাম আর বিদায় নিশ্চিত হয়েছে সিলেটের।
রবিবার (৫ অক্টোবর) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে শুরুটা ঝড়ো করেন জয় ও মুমিনুল হক। ৩২ রান করা মুমিনুল বিদায় নেন দলীয় ৬৩ রানে। ইনিংসটি ছিল ৩ ছক্কা ও ১ চারে সাজানো।
অন্য ওপেনার জয় আরেক প্রান্ত ধরে রেখে শতক হাঁকান ৫৯ বলে। ইনিংসটি সাজান ৯ ছক্কা ও ৫ চারে। আউট হওয়ার আগে করেন ৬৩ বলে ১১০ রান। চট্টগ্রামের হয়ে ইরফান শুক্কুর দুই ছক্কায় ২২ বলে ৪১ রানের ইনিংস খেলেন। সবমিলিয়ে ৬ উইকেটে ২১৪ রানের পুঁজি পায় বন্দর নগরীর দলটি। সিলেটের তোফায়েল আহমেদ নেন ৩ উইকেট।
জবাব দিতে নেমে অমিত হাসান আর আবু জায়েদ রাহীর ৪০ ও ৩৭ রানের ইনিংস খেলেন। এর বাইরে সিলেটের বাকিরা ছিলেন নিষ্প্রভ। ৬৬ থেকে ৭৯ রানের মধ্যে ফেরেন ৭ ব্যাটসম্যান।
চট্টগ্রামের হয়ে মোহাম্মদ রুবেল ৩টি, আহমেদ শরীফ ও হাসান মুরাদ ২টি করে উইকেট নেন। গুটিয়ে যায় মাত্র ১১৫ রানেই।
১ ম্যাচ বাকি থাকতেই চট্টগ্রাম ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে। নিশ্চিত হয়ে গেছে প্লে-অফও। ৬ ম্যাচে ৪ পয়েন্ট পাওয়া সিলেট ঝড়ে গেল এনসিএলের এবারের আসর থেকে।
নিলয়/