বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল ও নারী ফুটবল কমিটির প্রধান মাহফুজা আক্তার কিরণকে ফিফার দুটি স্থায়ী কমিটিতে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
তাবিথ আউয়াল স্থান পেয়েছেন ‘ফুটবল টেকনোলজি, ইনোভেশন অ্যান্ড ডিজিটাল ট্রান্সফরমেশন’ কমিটিতে। অন্যদিকে, মাহফুজা কিরণ হয়েছেন ‘ইয়ুথ গার্লস কম্পিটিশন’ কমিটির সদস্য। এ কমিটিগুলোর মেয়াদ ২০২৯ সাল পর্যন্ত।
প্রথমবারের মতো ফিফার কোনো কমিটিতে অন্তর্ভুক্ত হলেন তাবিথ আউয়াল। তবে মাহফুজা কিরণ এর আগে ফিফার নির্বাহী কমিটির সদস্য ছিলেন এবং পূর্বে বিভিন্ন স্ট্যান্ডিং কমিটিতেও কাজ করেছেন।
বুধবার (৮ অক্টোবর) সকালে নেপাল ফুটবল ফেডারেশন তাদের কর্মকর্তাদের ফিফার কমিটিতে অন্তর্ভুক্তির খবর জানালে, কিছুক্ষণ পর বাফুফেও তাদের দুই কর্মকর্তার মনোনয়নের বিষয়টি নিশ্চিত করে। বাফুফে জানিয়েছে, এবার এই মনোনয়ন সরাসরি ফিফার পক্ষ থেকেই করা হয়েছে।
বর্তমানে এএফসির মিডিয়া ও কম্পিটিশন কমিটিতে রয়েছেন বাফুফের সাবেক দুই কর্মকর্তা কাজী নাবিল আহমেদ ও কাজী সালাউদ্দিন। তবে বাফুফের সঙ্গে তাদের সরাসরি কোনো সম্পৃক্ততা নেই, ফলে এএফসিতে বাংলাদেশের কার্যকর প্রতিনিধিত্বে ঘাটতি রয়েছে।
নিলয়/