চলতি মাসেই আন্তর্জাতিক বিরতিতে বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। খেলবে দুটি প্রীতি ম্যাচ। ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে ম্যাচ খেলবে ১১ ও ১৪ অক্টোবর।
সেই দুই প্রীতি ম্যাচের একটির ভেন্যুতে এসেছে পরিবর্তন। আ মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে ১১ অক্টোবর মাঠে নামবে মেসির আর্জেন্টিনা। আর ১৪ অক্টোবর পুয়ের্তো রিকোর বিপক্ষে ম্যাচটি শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়ামে খেলার কথা থাকলেও তা আর হচ্ছে না।
শিকাগোতে চলমান বিক্ষোভের কারণে পরিবর্তন করা হয়েছে ভেন্যু। এমন তথ্য জানিয়েছেন আর্জেন্টাইন সাংবাদিক গাস্তন এদুল। সেই তথ্য অনুযায়ী সংবাদ প্রচার করেছে আর্জেন্টিনার একাধিক সংবাদমাধ্যমও।
শিকাগোতে চলমান অভিবাসী দমন অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ ও সহিংসতার কারণে শহরজুড়ে সৃষ্টি হয়েছে উত্তপ্ত পরিস্থিতি। কাঁদানে গ্যাস, হামলা ও স্থানীয় নেতাদের গ্রেপ্তারের ঘটনায় নিরাপত্তা শঙ্কা দেখা দেওয়ায় আসন্ন আর্জেন্টিনার প্রীতি ম্যাচটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্ভাব্য নতুন ভেন্যু হিসেবে ভাবা হচ্ছে লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামির ঘরের মাঠ, চেজ স্টেডিয়ামের কথা। বর্তমানে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা দল মায়ামিতেই অনুশীলন করছে।
তবে এই দুই ম্যাচে লিওনেল মেসি খেলবেন কি না, তা এখনও নিশ্চিত নয়। আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, কোনো খেলোয়াড়ের সামান্য চোট থাকলেও ঝুঁকি নেওয়া হবে না। তার মূল লক্ষ্য হলো বেঞ্চের শক্তি যাচাই করা এবং নতুন মুখদের পরীক্ষা করা।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘আমরা মেসির সঙ্গে কথা বলব। কেউ যদি শতভাগ ফিট না থাকে, তাহলে তাকে খেলানো হবে না।’
নিলয়/