চলতি মাসের ৪ তারিখ বিয়ে করেছেন আফগানিস্তানের পেসার বিলাল সামির। এর দুদিন পর পেলেন জাতীয় দলে ডাক। বিয়ে করেই যেন ভাগ্য খুলে গেল তার। আফগানিস্তানের আরেক পেসার মোহাম্মদ সালিম চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে যাওয়ায় বদলি হিসেবে দলে ডাক পান মাত্র ২১ বছর বয়সী সামি।
ঘরে নতুন স্ত্রীকে রেখেই বেরিয়ে পড়েন ন্যাশনাল ডিউটিতে। এর আগে, মাত্র ১ ম্যাচ খেলেছেন আফগানিস্তানের জার্সিতে। ২০২৪ সালের ডিসেম্বরে খেলেছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে।
অভিষেক ম্যাচে ৩ ওভারে ২৫ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন। দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরেন বাংলাদেশের বিপক্ষে সদ্যসমাপ্ত ওয়ানডে সিরিজে। প্রথম দুই ম্যাচে একাদশে সুযোগ না পেলেও, সিরিজ জয় নিশ্চিত হওয়ার পর তৃতীয় ম্যাচে তাকে মাঠে নামায় আফগানিস্তান। আর সুযোগ পেয়েই করলেই বাজিমাত।
আবুধাবিতে অনুষ্ঠিত ম্যাচে নিজের দ্বিতীয় ওয়ানডেতেই ৭.১ ওভারে মাত্র ৩৩ রান খরচায় নেন ৫টি উইকেট—লিস্ট ‘এ’ ক্রিকেটেও এটিই তার সেরা বোলিং ফিগার। সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে বোল্ড করে শুরু করেন উইকেট শিকার। এরপর তুলে নেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তানভীর ইসলাম ও হাসান মাহমুদের উইকেট।
২০০ রানের বিশাল জয়ে সামির এই দুর্দান্ত বোলিংই ছিল বড় পার্থক্য, আর তারই পুরস্কার হিসেবে ম্যাচসেরার সম্মান ওঠে সামির হাতে।
ম্যাচ শেষে সামি বলেন, ‘নিজের খেলা নিয়ে কঠোর পরিশ্রম করেছি। দল আমার পাশে ছিল। কাজটা সহজ ছিল না, কারণ দলে অনেক বিকল্প আছে। খুবই ভালো লেগেছে আজ নিজের সেরাটা দিতে পেরেছি।’
নিলয়/