টি-টোয়েন্টি দলের নিয়মিত অধিনায়ক লিটন দাসের ফেরা ছিল সময়ের অপেক্ষা মাত্র। এশিয়া কাপে ভারতের বিপক্ষে ম্যাচে পাওয়া সাইড স্ট্রেইনের চোট কাটিয়ে তিনি ফিরছেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়েই। চট্টগ্রামে অনুষ্ঠিতব্য তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য বৃহস্পতিবার দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে ফিরেছেন লিটন। তবে বাদ পড়েছেন দুই অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন এবং ব্যাটার সৌম্য সরকার।
এশিয়া কাপে ভারতের বিপক্ষে ম্যাচে সাইড স্ট্রেইনের চোটে পড়ে টুর্নামেন্টের মাঝপথে ছিটকে গিয়েছিলেন লিটন দাস। পরবর্তী আফগানিস্তান সিরিজেও খেলতে পারেননি। প্রায় তিন সপ্তাহের পুনর্বাসন প্রক্রিয়া শেষে অবশেষে তিনি ফিরছেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে। বিসিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লিটনের চোট পুরোপুরি সেরে গেছে এবং তিনি খেলার জন্য প্রস্তুত।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে লিটন দাসের সঙ্গে চট্টগ্রামের বিমানে চড়েছেন শরিফুল ইসলাম, শেখ মেহেদি হাসান ও পারভেজ হোসেন ইমন। বাকিরা শুক্রবার সকালে দলের সঙ্গে যোগ দেবেন। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ। ম্যাচগুলো হবে ২৭, ২৯ ও ৩১ অক্টোবর।
বাংলাদেশ টি-টোয়েন্টি দল
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলি, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম আহমেদ সাকিব, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।
চঞ্চল/নিলয়/