মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি নবায়ন করেছেন লিওনেল মেসি। নতুন এই চুক্তি অনুযায়ী ২০২৮ সাল পর্যন্ত সেই ক্লাবে থাকবেন মেসি।
ইন্টার মায়ামি ক্লাবের দেওয়া বিবৃতিতে মেসি জানিয়েছেন, ‘এখানে থাকতে পেরে এবং এই প্রকল্পটি চালিয়ে যেতে পেরে আমি সত্যিই খুশি। মায়ামি ফ্রিডম পার্কের এই স্টেডিয়ামে খেলতে পারার স্বপ্ন বাস্তবে পরিণত হয়েছে। মায়ামিতে আসার পর থেকে আমি খুব খুশি, তাই এখানে কাজ চালিয়ে যেতে পেরে আমি সত্যিই আনন্দিত।’
ইন্টার মায়ামির সহ-মালিক ও সাবেক ইংলিশ তারকা ডেভিড বেকহ্যাম জানিয়েছেন, মেসির নতুন চুক্তি তার শহর, ক্লাব ও ফুটবলের প্রতি গভীর ভালোবাসা ও প্রতিশ্রুতির প্রতিফলন।
এক বিবৃতিতে বেকহ্যাম বলেন, “মেসি এখনও জয়ের ক্ষুধা রাখেন। তিনি খেলাটিকে অসাধারণভাবে ভালোবাসেন এবং যুক্তরাষ্ট্রে ফুটবলের উন্নয়নে বিশাল ভূমিকা রেখেছেন। তার উপস্থিতি তরুণ প্রজন্মের খেলোয়াড়দের অনুপ্রাণিত করছে। মালিক হিসেবে এমন একজন কিংবদন্তিকে আমাদের দলে পাওয়া সত্যিই সৌভাগ্যের।”
২০২৩ সালের জুলাইয়ে পিএসজি থেকে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকেই দলটিকে নতুন উচ্চতায় তুলে এনেছেন মেসি। ক্লাবে যোগ দেওয়ার পরপরই তিনি লিগস কাপ জয়ে নেতৃত্ব দেন, যা ইন্টার মায়ামির ইতিহাসে প্রথম বড় শিরোপা।
নিলয়/