রিয়ালের কোচ হওয়ার পর প্রথম এল ক্লাসিকোতেই জয় পেলেন জাভি আলোনসো। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে তার দল রিয়াল মাদ্রিদ হারিয়েছে ২-১ ব্যবধানে।
কোচ হিসেবে রিয়ালে যোগ দেওয়ার পর এই জয় নিশ্চিতভাবেই বিশেষ জাভি আলোনসোর কাছে। তবে জয়টিকে তিনি দেখছেন দলের আত্মবিশ্বাস বাড়ানোর উপকরণ হিসেবেও।
জেতার পর সংবাদ সম্মেলনে আলোনসো বলেন, ‘এই জয়টা গুরুত্বপূর্ণ। এটা শুধু তিন পয়েন্ট নয়। আমাদের এখনও অনেক পথ বাকি। আমরা যা চেয়েছিলাম সেটাই পেয়েছি। বড় ম্যাচে জেতার এই অনুভূতিটা ছেলেদের জন্য দরকার ছিল। আমি তাদের জন্য খুবই খুশি।’
দলের পারফরম্যান্স নিয়ে আলোনসো বলেন, ‘আমরা প্রতিপক্ষকে ভালোভাবে প্রতিহত করেছি। আমরা অনেক সুযোগ তৈরি করেছি। মাঠে ছেলেরা খেলাটা উপভোগ করছিল। সমর্থকদের এটা দেখা দরকার ছিল যে তাদের দল বড় ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে জিততে পারে। এই সংযোগটা জরুরি এবং আজ আমি সেটা অনুভব করেছি।’
খেলা শেষ হওয়ার পর তর্কে জড়ান দুই দলের খেলোয়াড়রা। বার্সেলোনার লামিনে ইয়ামালকে ইঙ্গিত করে কারভাহালের অঙ্গাভঙ্গি নিয়ে প্রশ্ন করা হয় আলোনসোকে।
বিষয়টিকে সেভাবে গুরুত্ব না দিয়ে তিনি বলেন, ‘এটা খেলারই অংশ, মুহূর্তের উত্তেজনা। এটা নিয়ে বেশি ভাবার কিছু নেই। অতীতে ক্লাসিকোতে এমন অনেক কিছুই ঘটেছে। এটাকে স্বাস্থ্যকর খুনসুটি হিসেবেই দেখছি।’
ভিনিসিয়ুস জুনিয়রকে তুলে নেওয়ার সময় ভিনি যে প্রতিক্রিয়া তিনি দেখিয়েছেন, সেটি নিয়েও চিন্তিত নন রিয়াল কোচ। দলে বিভিন্ন ব্যক্তিত্বের খেলোয়াড় থাকে আর এসব নিয়ে সমাধান ড্রেসিংরুমে হবে।
জয় পেলেও এখনই আত্মহারা হতে নারাজ রিয়াল কোচ। তিনি বলেন, ‘এখনও অনেকটা পথ বাকি। আজকের দিনটা উপভোগ করো এবং শান্ত থাকো। মঙ্গলবার থেকেই আমরা পরের ম্যাচ নিয়ে ভাবব।’
নিলয়/