ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার নির্বাচনে সভাপতি পদে বিপুল ভোটে জয়ী হয়েছেন বাংলাদেশের কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল। দক্ষিণ কোরিয়ার থমাস হানকে হারিয়ে আগামী ৪ বছরের জন্য এশিয়ান আর্চারির অভিভাবক সংস্থার শীর্ষ কর্তার দায়িত্ব পেয়েছেন তিনি।
শনিবার (৮ নভেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার কংগ্রেস ও নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি পদের ভোট যদ্ধে ২৯-৯ ভোটে জয়ী হন চপল।
বাংলাদেশে আর্চারি খেলাটার প্রচলন হয়েছিল চপলের হাত ধরেই। বাংলাদেশ আর্চারি ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন তিনি। বর্তমানে সংস্থাটির অ্যাডহক কমিটির সদস্য পদে রয়েছেন।
বাংলাদেশের পাশাপাশি সংগঠক হিসেবে বিশ্ব আর্চারিতেও চপলের বেশ গ্রহণযোগ্যতা রয়েছে। আজকের নির্বাচনে যেন সেটিরই প্রতিফলন ঘটল।
সভাপতি নির্বাচিত হওয়ার পর কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল সংবাদমাধ্যমকে বলেন, ‘নির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস ছিল। তবে অতি আত্মবিশ্বাস ছিল না। ২৯-৯ ভোটে জয়ী হলাম। এশিয়ার আর্চারি ফেডেরাশনের ইতিহাসে এটি একটি বিরল দৃষ্টান্ত। কারণ এত বড় ঘটনা কখনো ঘটে নাই। এতো ডিফারেন্স কখনো হয়নি। সবাই ধরে ছিল, আমি হয়ত ২০ কিংবা ২১টি ভোট পাব। বিভিন্ন দেশের সংগঠকরা আমাকে কতটুকূ ভালোবাসে, তার একটা প্রমাণ আজকে আমি পেয়ে গেলাম।’
সভাপতি পদ ছাড়াও আরও দুটি পদে বাংলাদেশের দু’জন প্রার্থী জয়ী হয়েছেন। ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার প্যারা আর্চারি কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন তানভীর আহমেদ। যিনি বর্তমানে বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক পদে রয়েছেন। এছাড়া কোচেস প্যানেলের প্রতিনিধি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ আর্চারি দলের কোচ নূরে আলম।