টেস্ট ও ওয়ানডেতে অভিষেকের পর এবার টি-টোয়েন্টিতেও জায়গা পেলেন মাহিদুল ইসলাম অঙ্কন। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে বাংলাদেশের দল একমাত্র নতুন মুখ ২৬ বছর বয়সী এই কিপার-ব্যাটার।
সিরিজের প্রথম দুই ম্যাচের স্কোয়াডে নেই তাসকিন আহমেদ ও শামীম হোসেন। দীর্ঘদিন ধরে জাতীয় দলে সুযোগের অপেক্ষায় থাকা অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন ফিরেছেন দলে।
এ বছর টি-টোয়েন্টিতে বাংলাদেশের সবচেয়ে সফল পেসার তাসকিন। ১৩ ম্যাচে নিয়েছেন ২৪ উইকেট। তবে খরুচে বোলিংয়ের কারণে ওভারপ্রতি রান দিয়েছেন ৯-এর বেশি। বর্তমানে তিনি আবু ধাবিতে টি-টেন লিগে নর্দান ওয়ারিয়র্সের হয়ে খেলছেন। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস জানিয়েছে, তাসকিনের অনাপত্তিপত্রের মেয়াদ বাড়ানো হয়েছে এবং তিনি টি-টেন শেষে দেশে ফিরবেন।
অন্যদিকে শামীম হোসেনকে বাদ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচক হাসিবুল হোসেন। সাম্প্রতিক ফর্ম খুবই বাজে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচে করেছেন মাত্র ২ রান। আফগানিস্তানের বিপক্ষে এক ম্যাচে ৩৩ করলেও বাকি ম্যাচ দুটিতে ফিরেছেন শূন্য রানে।
তবে শামীমের জায়গায় নেওয়া মাহিদুলের সাম্প্রতিক পারফরম্যান্সও তেমন উজ্জ্বল নয়। দোহায় চলমান এসিসি রাইজিং স্টার্স টুর্নামেন্টে ‘এ’ দলের হয়ে তার তিন ইনিংসের স্কোর যথাক্রমে ২৭*, ৮ ও ১। গত মাসের এনসিএল টি-টোয়েন্টিতেও ৫ ইনিংসে ফিফটি নেই, রান ১১৮, গড় ২৩.৬০। অস্ট্রেলিয়ায় টপএন্ড টি-টোয়েন্টিতে তিন ম্যাচে করেছিলেন মাত্র ১৯ রান।
তবে বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে তিনি নজরকাড়া পারফরম্যান্সই করেছিলেন। ৩১৬ রান, গড় ৩৫.১১, স্ট্রাইক রেট ১৭৪.৫৮।
সাইফ উদ্দিনও ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দলে থাকা সত্ত্বেও একাদশে জায়গা পাননি। চট্টগ্রামে আয়োজিত এই সিরিজ দিয়ে আবার আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে ফিরছেন তিনি। চট্টগ্রামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী বৃহস্পতিবার। দ্বিতীয় ম্যাচ শনিবার।
বাংলাদেশ টি-টোয়েন্টি দল
লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ–অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলি, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফ উদ্দিন।
চঞ্চল/