প্রিমিয়ার বিভাগ ক্রিকেট লিগে খেলার ব্যাপারে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের সবুজ সংকেত পাওয়া নিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানানো হয়েছে ক্লাবটির পক্ষ থেকে।
মোহামেডান ক্লাবের পরিচালক ও ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান স্বাক্ষরিত প্রতিবাদ লিপিতে উল্লেখ করা হয়েছে, ‘বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দাবি করেছেন যে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের সভাপতির সঙ্গে আসন্ন প্রিমিয়ার বিভাগ ক্রিকেট লিগে অংশগ্রহণের বিষয়ে কথা বলেছেন এবং ক্লাবের পক্ষ থেকে খেলায় অংশগ্রহণের ব্যাপারে ‘ গ্রিন সিগন্যাল’ দেওয়া হয়েছে।’
এর প্রতিবাদ জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ‘মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড স্পষ্টভাবে জানাচ্ছে যে, ক্লাবের সম্মানিত সভাপতি মহোদয়ের সঙ্গে কখনও এ ধরনের কোনো আলোচনা হয়নি। মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড সর্বদা পেশাদারিত্ব, স্বচ্ছতা ও ক্রীড়া চেতনার সর্বোচ্চ মান বজায় রেখে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও ঐতিহ্যবাহী এই ক্লাব দেশের ক্রীড়াঙ্গনের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সব সিদ্ধান্ত গ্রহণ করবে।’
বিসিবির সভাপতির এ ধরনের বক্তব্যকে বিভ্রান্তকর বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করে লেখা হয়,’এই ধরনের বিভ্রান্তিকর তথ্য ক্লাবের সদস্য, সমর্থক এবং ক্রীড়াঙ্গনের মধ্যে অপ্রয়োজনীয় বিভ্রান্তি সৃস্টি করতে পারে।’
সংবাদ বিজ্ঞপ্তিতে এই ধরনের বক্তব্যের আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়ে সঠিক তথ্য উপস্থাপন করার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের অধীনে ঢাকা প্রিমিয়ার, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগের ৪৫টি ক্লাব লিগ খেলবে না জানিয়ে চিঠি দিয়েছে। যে কারণে প্রথম বিভাগ লিগ শুরু করার অভিপ্রায়ে দলবদল করা হলেও উল্লিখিত ক্লাবগুলোর মাঝে প্রথম বিভাগে থাকা ক্লাবগুলো দলবদলে অংশগ্রহণ করেনি।
এদিকে ক্লাবগুলোকে লিগে খেলার ব্যাপারে রাজি করাতে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সহসভাপতি ফারুক আহমেদ ব্যক্তিগতভাবে যোগাযোগ করে চেষ্টা করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় ২৯ নভেম্বর ক্লাবগুলোকে বৈঠকে ডেকেছিল বিসিবি। কিন্তু তাতে সাড়া দেয়নি ক্লাবগুলো। পরে সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি মোহামেডান ক্লাবের খেলার ব্যাপারে ক্লাবের সভাপতির সঙ্গে কথা বলে গ্রিন সিগন্যাল পেয়েছেন বলে জানিয়েছিলেন।
মেহেদী/