ফুটবল বিশ্বকাপের গ্রুপ বের হওয়ার পর অনেক দেশ নিশ্চিন্ত ছিল। কিন্তু সূচি প্রকাশ হতেই বদলে গেল হিসাব। কারণ একটাই অতিরিক্ত যাতায়াত, আমেরিকার তাপদাহ আর মেক্সিকোর ভয়ানক উচ্চতা। সহজ গ্রুপ মানেই সহজ টুর্নামেন্ট। এই ধারণাই ভুল প্রমাণিত হচ্ছে।
স্পেনের উদাহরণই ধরা যাক। আটালান্টার গরম আর বৃষ্টির আবহাওয়ায় দুই ম্যাচের পর তাদের যেতে হবে ২৮০০ কিলোমিটার দূরের গুয়াদালারারা, যা ১৭০০ মিটার উঁচুতে। সময় কম, পরিবেশ কঠিন। উরুগুয়ের বিপক্ষে ম্যাচের আগে প্রস্তুতির সময় মিলবে মাত্র তিন দিন।
মেক্সিকোর অ্যাজটেকা স্টেডিয়াম সবচেয়ে চ্যালেঞ্জিং; ২২০০ মিটার উচ্চতা, হালকা বাতাসে অস্বাভাবিক বল-বদল। মন্টেরেতে আবার ভয়াবহ গরম। বিপরীতে কানাডার ভ্যাঙ্কুভার ও টরন্টো তুলনামূলক স্বস্তিদায়ক।
দেশগুলোর ভ্রমণ দূরত্বও বড় ফ্যাক্টর। কেপ ভার্দে সবচেয়ে বেশি ৪,৭০০ কিলোমিটার, উরুগুয়ে ৪,৫০০, স্কটল্যান্ড ৪,২০০। আর নরওয়ে সবচেয়ে ভাগ্যবান; মাত্র ৩৫০ কিলোমিটার। অর্থাৎ, শুধু প্রতিপক্ষ নয়, গরম, উচ্চতা, আর ভ্রমণই এবার বিশ্বকাপের বড় চ্যালেঞ্জ।
চঞ্চল/সুমন/