জুনিয়র হকি বিশ্বকাপে রোমাঞ্চকর এক ম্যাচ দিয়ে অভিযান শেষ করল বাংলাদেশ। তামিলনাড়ুতে ১৭তম স্থান নির্ধারণী লড়াইয়ে সোমবার অস্ট্রিয়াকে ৫–৪ গোলে হারিয়েছে লাল–সবুজরা। দলের হয়ে সবচেয়ে উজ্জ্বল ছিলেন তরুণ ফরোয়ার্ড আমিরুল ইসলাম, যিনি হ্যাটট্রিক করে জয়ের নায়ক হয়ে ওঠেন।
টুর্নামেন্টের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৫–৩ ব্যবধানে হারের পর দক্ষিণ কোরিয়ার সঙ্গে ৩–৩ ড্র করে দল। ফ্রান্সের কাছে ৩–২ গোলে হেরে গ্রুপ পর্ব শেষ হলেও স্থান নির্ধারণী রাউন্ডে বদলে যায় চিত্র। ওমানকে ১৩–০ গোলে উড়িয়ে আত্মবিশ্বাস ফিরে পায় বাংলাদেশ। এরপর কোরিয়াকে ৫–৩ ব্যবধানে হারিয়ে ছন্দ ধরে রাখে তারা।
অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচটিও শুরু হয় বাংলাদেশের গোল দিয়ে। প্রথম কোয়ার্টারের শেষদিকে পেনাল্টি কর্নার থেকে দলকে এগিয়ে নেন আমিরুল। দ্বিতীয় কোয়ার্টারে হোজাইফা হোসেনের গোল ব্যবধান বাড়ায়। তৃতীয় কোয়ার্টারের শুরুতে রাকিবুল হাসান ৩–০ করলে ম্যাচের নিয়ন্ত্রণ যায় বাংলাদেশের হাতে। তবে অস্ট্রিয়া ফিরে আসে একটি গোল করে।
শেষ কোয়ার্টারে আবার জ্বলে ওঠেন আমিরুল। ৫০তম মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করার পর আরেকটি স্ট্রোকে হ্যাটট্রিক পূরণ করেন তিনি। শেষ দিকে অস্ট্রিয়ার দুই গোলেও আর ধরা যায়নি বাংলাদেশকে। অবশেষে লড়াইভরা ম্যাচ শেষে জয় নিয়েই বিশ্বকাপ মিশন শেষ করে লাল–সবুজরা।
সুমন/