ক্রিকেট নিয়ে দ্বন্দ্বে জড়িয়েছে বাংলাদেশ এবং ভারত। দুই দেশের মধ্যকার ভূরাজনৈতিক ইস্যুতে ২২ গজে তৈরি হয়েছে অস্থিরতা। নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে চায় না বাংলাদেশ। এ নিয়ে আইসিসির সঙ্গে চলছে তাদের আলোচনা। এরই মধ্যে বাংলাদেশের পক্ষ নিয়ে আইসিসিকে চিঠি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
বুধবার (২১ জানুয়ারি) ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো তাদের প্রতিবেদনে লিখেছে, পিসিবি তাদের চিঠির অনুলিপি আইসিসি বোর্ড সদস্যদের কাছেও পাঠিয়েছে। রাজনৈতিক অস্থিরতার কারণে ভারতে খেলতে না চাওয়ার বিষয়ে তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অবস্থানকে সমর্থন করছে।
ক্রিকইনফো আরও লিখেছে, পিসিবির চিঠি নিয়ে নানা প্রশ্ন উঠলেও জানা গেছে এতে আইসিসির বর্তমান অবস্থানে কোনো পরিবর্তন আসছে না। আইসিসি বিশ্বকাপের সূচি অপরিবর্তিত রাখতে এবং বাংলাদেশকে ভারতে খেলতেই হবে- এই অবস্থানেই অনড় রয়েছে এবং গত সপ্তাহে বিসিবির সঙ্গে আলোচনায় তা স্পষ্ট করে জানিয়েছে।
প্রায় এক সপ্তাহের জল্পনা-কল্পনার পর পিসিবির তাদের অবস্থান স্পষ্ট করেছে চিঠিকে। সাম্প্রতি সময়ে যাচাই না হওয়া প্রতিবেদনে বলা হয়েছিল, পিসিবি বাংলাদেশের ম্যাচ পাকিস্তানে আয়োজনের প্রস্তাব দিয়েছে এবং আরও নাটকীয়ভাবে, তারা বাংলাদেশের পরিস্থিতির ওপর নির্ভর করে বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণও পুনর্বিবেচনা করতে পারে।
পিসিবি এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি। ক্রিকইনফো জানতে চাইলে প্রশ্ন এড়িয়ে যান বোর্ডটির কর্মকর্তারা।
অনিক/