চলতি বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে সিলেট টাইটান্সকে ১৬৬ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৫ রান করে নাজমুল হোসেন শান্তর দল।
বুধবার (২১ জানুয়ারি) মিরপুরে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠান সিলেটের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
দুই ওপেনার শাহিবজাহা ফারহান ও তানজিদ হাসান তামিম দারুণ শুরু করেন। তবে ব্যক্তিগত ২৬ রানে ফারহান ফিরলে ভাঙে তাদের ৪১ রানের জুটি। তাকে ফেরান সালমান ইরশাদ। এরপর ফেরেন তানজিদ। ১৫ বলে এক চার ও ২ ছক্কায় ৩২ রান করেন তিনি। নাসুম আহমেদের বলে স্যাম বিলিংসের হাতে ধরা পড়েন তিনি।
চারে নামা অধিনায়ক শান্ত (৭) এদিন সুবিধা করতে পারেননি। ব্যর্থ হন অভিজ্ঞ মুশফিকুর রহিমও (০)। রানের খাতা না খুলে বিদায় নেন মেহরাব। এমন ব্যাটিং বিপর্যয়ে দলের হাল ধরেন দুই কিউই ব্যাটার কেইন উইলিয়ামসন ও জিমি নিশাম।
এই দুইজন মিলে ৭৭ রানের জুটি গড়েন। সিলেটের ইংলিশ পেসার ক্রিস ওকসের বসে আরিফুল ইসলামকে ক্যাচ দিয়ে ফিরেন নিশাম। বিদায় নেওয়ার আগে খেলেছেন ২৬ বলে ৪ চার ও ২ ছয়ে ৪৪ রানের দারুণ ইনিংস। অন্যদিকে উইলিয়ামসন একপ্রান্ত আগলে রাখলেও বাকিরা ছিলেন আসা-যাওয়ার মধ্যে।
উইলিয়ামসনের অপরাজিত ৪৫ রানে ভর করে ১৬৫ রানের সংগ্রহ দাঁড় করায় রাজশাহী। ফাইনালে যেতে সিলেটকে করতে হবে ১৬৬ রান।
সিলেটের পক্ষে সালমান ইরশাদ ৩টি, নাসুম আহমেদ ও মেহেদী হাসান মিরাজ ২টি করে এবং ক্রিস ওকস ১টি উইকেট শিকার করেন।
এসজি/