রাজশাহী ওয়ারিয়র্সের শিরোপা উল্লাসের মধ্যে দিয়ে পর্দা নেমেছে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের। রানার্সআপ ট্রফি উঠেছে চট্টগ্রাম রয়্যালসের ঘরে। বিপিএলের ১২তম আসর সমাপ্তির পর এখন প্রাপ্তি-অপ্রাপ্তির হিসেব মেলানোর পালা। ঘরোয়া টি-টোয়েন্টি লিগ একদিন থেকে সফল, সেটা হলো- বোলারদের বিপিএলে দাপট দেখিয়েছে দেশি ক্রিকেটাররা। বড় অপ্রাপ্তি হলো দর্শকদের। কেননা, রানখরার টুর্নামেন্টে কোনো দলই ছুঁতে পারেনি ২০০ রানের সংগ্রহ।
বরাবরের মতোই এবারের বিপিএলও অনেক দিক থেকে প্রশ্নবিদ্ধ ছিল। টুর্নামেন্ট শুরুর আগে চট্টগ্রামের মালিকানা নিতে হয় বিসিবিকে। সেই দলে থাকা কোটি টাকার নাঈম শেখ দিতে পারেননি তার চড়ামূল্যের প্রতিদান। দর্শকদের আগ্রহের কেন্দ্রে ছিল নোয়াখালী এক্সপ্রেস। কিন্তু নবাগত দলটি ১০ ম্যাচ খেলে মাত্র ২ জয় পাওয়ায় সবার আগে ছিটকে যায় আসর থেকে। টুর্নামেন্টের শুরুতে ছিল না বড় কোনো বিদেশি ক্রিকেটারদের। যদিও শেষ দিকে চ্যাম্পিয়ন দলে কেন উইলিয়ামসন অন্তর্ভূক্ত হন।
আসর শেষ হতেই আবার তদন্তে নেমেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ইন্টিগ্রিটি ইউনিট। বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে। তুলেছেন সিলেট টাইটান্সের সাবেক উপদেষ্টা ফাহিম আল চৌধুরী। তাছাড়া ফিক্সিং নিয়ে শোনা যাচ্ছে আরও অনেক গুঞ্জন। সবকিছু তদন্তের দায়িত্ব পড়েছে বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শালের কাঁধে, যিনি ইতোমধ্যেই আগের বিপিএল মৌসুমে দুর্নীতির অভিযোগ নিয়ে বোর্ড গঠিত একটি স্বাধীন কমিটির তৈরি ৯০০ পৃষ্ঠার প্রতিবেদন নিয়ে কাজ করছেন।
বিপিএলে অনেক আলোচনা-সমালোচনার ভিড়ে সেরা ছন্দে ছিলেন বোলাররা। বিশেষ করে, শরিফুল ইসলাম। ২৬ উইকেট শিকার করে টুর্নামেন্ট সেরা হয়েছেন তিনি। সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় সেরা পাঁচে শরিফুল ছাড়া অপর চারজন হলেন- সিলেটের নাসুম আহমেদ, রাজশাহীর বিনুরা ফার্নান্দো ও রিপন মন্ডল এবং নোয়াখালীর হাসান মাহমুদ। ব্যাটিংয়ে পারভেজ হোসেন ইমন আরও একবার চিনিয়েছেন তার জাত। ৩৯৫ রান নিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে সিলেট টাইটান্সের এই ব্যাটার।
প্রাইজমানি
চ্যাম্পিয়ন: রাজশাহী ওয়ারিয়র্স- ২ কোটি ৭৫ লাখ
রানার্সআপ: চট্টগ্রাম রয়্যালস- ১ কোটি ৭৫ লাখ
ফাইনাল সেরা: তানজিদ হাসান তামিম- ৫ লাখ
সেরা ব্যাটার: পারভেজ হোসেন ইমন- ৫ লাখ
সেরা বোলার: শরিফুল ইসলাম- ৫ লাখ
টুর্নামেন্ট সেরা: শরিফুল ইসলাম- ১০ লাখ
সেরা ফিল্ডার: লিটন দাস- ৩ লাখ
উদীয়মান ক্রিকেটার: রিপন মন্ডল- ৩ লাখ
২০০ ছাড়ায়নি
রানখরার বিপিএলে কোনো দলের সংগ্রহ ২০০ ছাড়ায়নি। সিলেটের বিপক্ষে সর্বোচ্চ ৫ উইকেটে ১৯৮ রান করেছে চট্টগ্রাম
রান সংগ্রহে সেরা ৫
| নাম | দল | ম্যাচ | রান | ব্য. সর্বোচ্চ | গড় | ১০০/৫০ |
| পারভেজ হোসেন ইমন | সিলেট | ১২ | ৩৯৫ | ৬৫* | ৩৯.৫০ | ০/৩ |
| তাওহিদ হৃদয় | রংপুর | ১১ | ৩৮২ | ১০৯ | ৩৮.২০ | ১/৩ |
| তানজিদ হাসান | রাজশাহী | ১৩ | ৩৫৬ | ১০০ | ২৭.৩৮ | ১/১ |
| নাজমুল হোসেন শান্ত | রাজশাহী | ১৩ | ৩৫৫ | ১০১* | ২৯.৫৮ | ১/১ |
| ডেভিড মালান | রংপুর | ৯ | ৩০০ | ৭৮ | ৩৭.৫০ | ০/৩ |
উইকেট শিকারে সেরা ৫
| নাম | দল | ম্যাচ | উইকেট | সেরা বোলিং | গড় | ইকোনোমি |
| শরিফুল ইসলাম | চট্টগ্রাম | ১২ | ২৬ | ৫/৯ | ১০.০৭ | ৫.৮৪ |
| নাসুম আহমেদ | সিলেট | ১২ | ১৮ | ৫/৭ | ১৫.২৭ | ৫.৯৭ |
| বিনুরা ফার্নান্দো | রাজশাহী | ১১ | ১৮ | ৪/৯ | ১৪.৬১ | ৬.১৪ |
| রিপন মন্ডল | রাজশাহী | ৮ | ১৭ | ৪/১৩ | ১৫.৮২ | ৮.৫৩ |
| হাসান মাহমুদ | নোয়াখালী | ১০ | ১৬ | ৪/২৬ | ১৩.২৫ | ৬.০০ |
সেরা ৫ ব্যক্তিগত ব্যাটিং ইনিংস
| নাম | দল | রান |
| তাওহিদ হৃদয় | রংপুর | ১০৯ |
| হাসান ইসাখিল | নোয়াখালি | ১০৭* |
| নাজমুল হোসেন শান্ত | রাজশাহী | ১০১* |
| তানজিদ হাসান | রাজশাহী | ১০০ |
| তাওহিদ হৃদয় | রংপুর | ৯৭* |
সেরা ৫ ব্যক্তিগত বোলিং ইনিংস
| নাম | দল | রান |
| নাসুম আহমেদ | সিলেট | ৫/৭ |
| শরিফুল ইসলাম | চট্টগ্রাম | ৫/৯ |
| ফাহিম আশরাফ | রংপুর | ৫/১৭ |
| বিনুরা ফার্নান্দো | রাজশাহী | ৪/৯ |
| রিপন মন্ডল | রাজশাহী | ৪/১৩ |
অনিক/