লাল-সবুজ জার্সিটা আবার গায়ে জড়াতে চান সাকিব আল হাসান। দেশের মাটিতে ক্রিকেটকে বিদায় বলতে চান একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলে। বেশ আগেই এই ইচ্ছের কথা জানিয়ে রেখেছেন তিনি। অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সবুজ সংকেত পেলেন সাকিব। তার জন্য খুলে দেওয়া হয়েছে বাংলাদেশের দরজা।
শনিবার (২৪ জানুয়ারি) বিসিবির বোর্ড মিটিং ছিল। সেই মিটিং শেষে পরিচালকরা বলেন, দেশের হয়ে খেলতে সাকিবের কোনো বাধা নেই।
বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটারের একজন সাকিব। তিনি ২০২৪ আগস্টে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ ছাড়েন। দেশসেরা অলরাউন্ডার আওয়ামী সরকারের সংসদ সদস্য ছিলেন। মাঝে একবার দেশে ফেরার কথা থাকলেও নিরাপত্তার কারণে তাকে আসতে নিষেধ করে দেওয়া হয়েছিল।
হঠাৎ করেই সুর বদলেছে বিসিবি। গতকাল পরিচালক আসিফ আকবর বলেন, ‘বাংলাদেশে দুই-তিনটি উদাহরণ আছে। এক মাশরাফি বিন মুর্তজা। সে বাংলাদেশে অবস্থান করছে। ৩ আগস্টের পর আরেকজন ক্রিকেটারও (শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে গণভবনে যাওয়ার অভিযোগ রয়েছে তামিম ইকবালের বিরুদ্ধে) বাংলাদেশে অবস্থান করেছে। এই দু’জন যদি থাকতে পারে সাকিব আল হাসান কেন নয়?’
আসিফ আরও বলেন, ‘সাকিব সংসদ সদস্য হওয়ার আগে বাংলাদেশের খেলোয়াড় ছিলেন। বাংলাদেশে সাকিবের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে, সেই জায়গা থেকেই তাকে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া।’
সাকিবের মামলা-সংক্রান্ত বিষয়ে বিসিবির পরিচালক বলেন, ‘সাকিবের ব্যক্তিগত ইস্যুগুলো কীভাবে কী হবে এটা সরকারের বিষয়। আমরা বোর্ডের পক্ষ থেকে সাকিবকে চেয়েছি। বোর্ডের যে চুক্তিবদ্ধ প্লেয়ারদের তালিকা হবে, সেখানে আমরা সাকিবকে (রাখার) প্রস্তাব রেখেছি। সে দেশে এসে রিটায়ার করার একটা ইচ্ছা। সাকিব একটা ব্র্যান্ড, এমন প্লেয়ার আমরা আর ১০০ বছরেও পাব না।’
বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন বলেছেন, ‘সাকিবের সঙ্গে বোর্ড থেকে যোগাযোগ করা হলে, হোম অ্যান্ড অ্যাওয়ে দুই (ধরনের) সিরিজই খেলতে পারবে কিনা জানতে চাওয়া হয়েছিল। সাকিব বলেছে (খেলতে চায়), সেখান থেকেই (বোর্ড থেকে তাকে খেলানোর) সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
তাহলে কবে ফিরবেন সাকিব? সবার জানা, বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়িয়েছে। মাঠে ফিরবে দ্বিপাক্ষিক সিরিজ দিয়ে। আগামী মার্চে পাকিস্তান বাংলাদেশ সফর করবে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সফরকারীরা পৌছাবে ৯ মার্চ। এরপর ১২, ১৪ এবং ১৬ মার্চ তিন ওয়ানডে খেলবে বাংলাদেশ-পাকিস্তান। এই সিরিজ দিয়ে কি আবারও লাল-সবুজ জার্সিতে দেখা যাবে সাকিবকে?
অনিক/