পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। এতে বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে টুর্নামেন্ট বর্জনের যে হুমকি দিয়েছিলেন বোর্ড চেয়ারম্যান মহসিন নকভি, কার্যত সেখান থেকে সরে আসার ইঙ্গিত মিলছে। তবে দল ঘোষণার পরও পাকিস্তানের অংশগ্রহণ পুরোপুরি নিশ্চিত হয়নি।
এর আগে নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ভারতে যেতে অস্বীকৃতি জানানো বাংলাদেশকে আইসিসি স্কটল্যান্ড দিয়ে প্রতিস্থাপন করলে নকভি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন। তিনি তখন বলেছিলেন, পাকিস্তান দল টুর্নামেন্টে অংশ নেবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দেশটির সরকার।
রবিবার (২৫ জানুয়ারি) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে দল ঘোষণা করেন পিসিবির হাই পারফরম্যান্স ডিরেক্টর ও জাতীয় নির্বাচক কমিটির সদস্য আকিব জাভেদ, টি-টোয়েন্টি অধিনায়ক সালমান আলি আগা এবং সাদা বলের প্রধান কোচ মাইকেল জেমস হেসন।
সংবাদ সম্মেলনে আকিব জাভেদ বলেন, ‘আমরা নির্বাচক, আমাদের কাজ দল নির্বাচন করা। আমরা শেষ সময়ের কাছাকাছি এসে দল ঘোষণা করেছি। অংশগ্রহণের সিদ্ধান্ত নেবে সরকার, এ বিষয়ে আমি কিছু বলতে পারি না। চেয়ারম্যানও একই কথা বলেছেন, তাই আমরা তাদের সিদ্ধান্তের অপেক্ষায় থাকব।’
আকিব জাভেদের বক্তব্যে এটা স্পষ্ট যে বিষয়টি এখনও পুরোপুরি নিষ্পত্তি হয়নি। উল্লেখ্য, গত বছর পিসিবি, বিসিসিআই ও আইসিসির মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি হয়, যার আওতায় ২০২৭ সাল পর্যন্ত ভারত-পাকিস্তানের সব ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অনিক/