এলচেকে পেয়ে লা লিগা টেবিলে শীর্ষস্থান মজবুত করল বার্সেলোনা। প্রতিপক্ষের মাঠে ৩-১ গোলের জয়ে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে চার পয়েন্টের ব্যবধানে এগিয়ে গেছে কাতালান ক্লাবটি। ২২ ম্যাচে বার্সার অর্জন ৫৫ পয়েন্ট। শনিবার (৩১ জানুয়ারি) রাতে তাদের জয়ের ম্যাচে গোল করেন গোল করেন লামিনে ইয়ামাল, ফেরান তোরেস ও মার্কাস র্যাশফোর্ড।
হানসি ফ্লিকের দল ম্যাচজুড়ে আরও অনেক পরিষ্কার সুযোগ তৈরি করেছিল। তবে গোলপোস্টে বল লাগা এবং দুর্বল ফিনিশিংয়ের কারণে বড় জয় নিশ্চিত করতে পারেনি। দ্বিতীয় স্থানে থাকা আলভারো আরবেলোয়ার রিয়াল আজ রাতে রায়ো ভায়েকানোর বিপক্ষে খেলবে, ব্যবধান আবার এক পয়েন্টে নামিয়ে আনার লক্ষ্যে।
দ্বাদশ স্থানে থাকা এলচে বেশ কিছু ভালো সুযোগ তৈরি করেছিল, কিন্তু বার্সার শক্তির সামনে তারা টিকতে পারেনি, যদিও বার্সা সব সুযোগ কাজে লাগাতে পারেনি। ম্যাচ শেষে বার্সা মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ং বলেন, ‘আমরা আরও তিন পয়েন্ট পেলাম এবং দল হিসেবে এখনও উন্নতি করছি, যা খুবই গুরুত্বপূর্ণ। তবে আমি মনে করি আমরা এখনও আমাদের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাইনি।’
ম্যাচে ইয়ামাল ছয় মিনিটেই গোলের খাতা খোলেন, দানি ওলমোর বাড়ানো বল পেয়ে। ১৮ বছর বয়সী ফরোয়ার্ড সাবেক বার্সা গোলকিপার ইনাকি পিনাকে পাশ কাটিয়ে ঠান্ডা মাথায় গোল করেন। পরে ওলমো বক্সের প্রান্ত থেকে শট নিয়ে ক্রসবারের ওপর দিয়ে বল মারেন, ফলে ব্যবধান দ্বিগুণ হয়নি। মৌসুমের প্রথমার্ধে কুঁচকির চোটে ভুগলেও সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইয়ামাল আবার তার সেরা ফর্মে ফিরেছেন।
এলচে সমতা ফেরায় দারুণ এক আক্রমণ থেকে। গোল করেন আলভারো রদ্রিগেজ। প্রথমার্ধেই ফের লিড নেয়। ৪০ মিনিটে স্কোরলাইন ২-১ করেন তোরেস। দ্বিতীয়ার্ধে (৭২) এলচের ফিরে আসার দরজা বন্ধ করে দেন র্যাশফোর্ড (৩-১)।
অনিক/