বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গ্রাউন্ডস কমিটির সংবাদ সম্মেলনে সৃষ্ট উত্তপ্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।
মিরপুরে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলটের সঙ্গে এক সিনিয়র ক্রীড়া সাংবাদিকের বাক্যবিনিময়কে দুঃখজনক বলে উল্লেখ করেছে সংগঠনটি।
গত মঙ্গলবার বিসিবির গ্রাউন্ডস কমিটি আগামী কয়েক মাসের পরিকল্পনা তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করে।
আনুষ্ঠানিক বক্তব্য শেষে প্রশ্নোত্তর পর্বে এক সাংবাদিকের প্রশ্নের ধরন নিয়ে অসন্তোষ প্রকাশ করেন পাইলট। বিষয়টি দ্রুতই উত্তপ্ত হয়ে ওঠে এবং একপর্যায়ে তিনি সংবাদ সম্মেলন ছেড়ে চলে যান। ঘটনাটি ক্রিকেট অঙ্গনে আলোচনার জন্ম দেয়।
এ ঘটনার পরদিন আজ বুধবার কোয়াব এক বিবৃতিতে তাদের অবস্থান জানায়। কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কোনোভাবেই কাম্য নয়। বিশেষ করে সংবাদ সম্মেলনের মতো পেশাদার পরিসরে পারস্পরিক শ্রদ্ধা, সংযম ও দায়িত্বশীল আচরণ বজায় রাখা অত্যন্ত জরুরি।
বিবৃতিতে আরও বলা হয়, মতভেদ কিংবা কঠিন প্রশ্ন থাকা স্বাভাবিক। তবে সেগুলো প্রকাশ ও মোকাবিলার ক্ষেত্রে পেশাগত শিষ্টাচার রক্ষা করা সবার দায়িত্ব। কোয়াবের মতে, ক্রিকেট বোর্ডের কর্মকর্তা, কোচ, ক্রিকেটার এবং ক্রীড়া সাংবাদিক; সব পক্ষের মর্যাদা সমান।
ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটার আশা প্রকাশ করে কোয়াব জানায়, পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতার মাধ্যমেই বাংলাদেশ ক্রিকেটের জন্য ইতিবাচক ও সুস্থ পরিবেশ নিশ্চিত করা সম্ভব।